বাঘারপাড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা

0
ছবি: সংগৃহীত।

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা ॥ বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১টার দিকে ব্যাংকের প্রধান ফটকের ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুই যুবক। তবে ব্যাংকের এক কর্মচারীর তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় ব্যাংকের কোনো সম্পদ বা স্থাপনার ক্ষতি হয়নি। এর আগেও উপজেলার দরাজহাট উপজেলার ছাতিয়ানতলা বাজারের গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা করা হয়।

ব্যাংক সূত্রে জানা গেছে, ঘটনার সময় ব্যাংকে দায়িত্ব পালন করছিলেন একজন কর্মচারী (নিরাপত্তা প্রহরী)। তিনি সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখতে পান, দুই যুবক ব্যাংকের প্রধান ফটকের ভেতরে প্রবেশ করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছে। বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত ব্যাংকের ভেতর থেকে ধাওয়া করেন।

এ সময় দুই যুবক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার পর ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে অবহিত করেন। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দুই যুবকের আগুন দেওয়ার চেষ্টার দৃশ্য ধরা পড়েছে বলে জানা গেছে।

বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নারিকেলবাড়িয়া গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তরা আগুন লাগানোর চেষ্টা করেছিল। তবে নৈশপ্রহরীরা সজাগ থাকায় তারা পালিয়ে যায়। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।