বাঘারপাড়ায় খাস খতিয়ানভুক্ত জমি থেকে ৪ ভূমিহীন পরিবারকে উচ্ছেদ

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা ॥ খাস খতিয়ানভুক্ত সরকারি সম্পত্তি, অথচ সরকারকে বিবাদী না করে অজ্ঞাত এক ব্যক্তিকে বিবাদী করে আদালতের রায় নিয়ে ৩৪ শতাংশের খাস জমিটির দখল পেতে মরিয়া রবিউল নামের এক ব্যক্তি। এজন্য সেখানে ৪০ বছর ধরে বসবাসরত ৪টি ভূমিহীন পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। প্রশাসনের বাধায়ও উচ্ছেদ কার্যক্রম বন্ধ করা যায়নি। উচ্ছেদ হওয়া ৪টি পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। ঘটনাটি উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের ধুপখালি গ্রামের। রবিউল ইসলাম একই গ্রামের কাছেম মোল্লার ছেলে।
গত ১১ ফেব্রুয়ারি রোববার সহকারী জেলা জজ আদালতের প্রতিনিধি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে অসহায় ভূমিহীন পরিবারকে নির্মমভাবে উচ্ছেদ করে। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মামলার কাগজপত্র প্রদর্শন করলে ভূমি কর্মকর্তাকে গুরুত্ব না দিয়ে উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকে। এমনকি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মোবাইল ফোনে উচ্ছেদ কার্যক্রম বন্ধ করতে বললেও সে কথা রাখেননি রবিউল ইসলাম।
সূত্রে জানায়, উপজেলার ৬৭ নং ধুপখালি মৌজার এসএ ও আরএস ০১ নং খাস খতিয়ানভুক্ত এসএ ১৭৫৬ নং দাগে যার আরএস ২২৮৫ দাগে ৩৪ শতক খাস জমি দখলে নিতে ধুপখালি গ্রামের কাছেম মোল্যার স্ত্রী আছিরন বেগম ২০০৪ সালে সহকারী জজ আদালতে মামলা করেন। আছিরন বেগমের মৃত্যুর পর ছেলে অবসরপ্রাপ্ত সেনাসদস্য রবিউল ইসলাম মামলার বাদী হন। ২০২২ সালে উপজেলা প্রশাসন প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভিত্তিক প্রকল্প আশ্রয়ণ-২ জন্য নির্বাচনপূর্বক ঘর নির্মাণের উদ্যোগ নিলে বাদী একই বছর সহকারী জজ আদালতে স্থগিতাদেশ চেয়ে দেওয়ানী মামলা করেন। একই জমিতে বাদীর একাধিক মামলা থাকায় আপিল গ্রহণের উদ্যোগ নেন আদালত। পরে ১৯৮৭ সালে নালিশী জমিতে বাদীর অনুকূলে রায় আসে। কিন্তু রায় পাওয়ার পর খাস খতিয়ান হতে কর্তন করে বাদী রবিউল ইসলাম নিজের নামে রেকর্ড ও নামজারি আজও করতে পারেননি।
খাস খতিয়ানভুক্ত সরকারি জমিতে বসবাসরত আব্বাস উদ্দিন ও রবিউল ইসলাম জানান, প্রায় ৪০ বছর ধরে তাদের পরিবার ওই জমিতে বসবাস করে আসছেন। হাঁস-মুরগি পালন ও পরের জমিতে শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করেন তারা। ভোগ দখলীয় ওই জমির ওপর কুনজর পড়ে স্থানীয় অবসরপ্রাপ্ত সেনাসদস্য রবিউল ইসলামের। একমাত্র অবলম্বন জমিটুকু দখলে নিতে মরিয়া হয়ে উঠেছেন। তাঁরা আরও জানান, উচ্ছেদের জন্য আমাদের কোনো নোটিশও দেওয়া হয়নি। একারণে বসত ঘর থেকে আমরা কিছুই বের করতে পারিনি।
মামলার বাদী অবসরপ্রাপ্ত সেনাসদস্য রবিউল ইসলাম জানান, ১৯২৪ সালের রেকর্ড অনুযায়ী আমার মায়ের দাদার নামে এ জমি ছিলো। সেসময় দাদার বৈধ ওয়ারিশ না থাকায় ১৯৬২ সালে জমিটি খাস খতিয়ানে চলে যায়। সেই সময় হতে আদালতে মামলা চলমান থাকে এবং আমাদের পক্ষে রায় আসে। দখল বুঝে নিয়ে আমরা ইতোমধ্যে সেখানে দুটি ঘর তুলে দিয়েছি।
উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি জানান, ঘটনাটি অঅমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নির্দেশনা মোতাবেক পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।