বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স চালক নিহত

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটের মোংলায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অ্যাম্বুলেন্সের ধাক্কায় হারেজ মিয়া (৪৩) নামের এক অ্যাম্বুলেন্স চালক নিহত হয়েছেন। শুক্রবার ভোরে খুলনা-মোংলা মহাসড়কের উপজেলার পাওয়ার হাউজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও ২ জন আহত হয়েছেন। নিহত হারেজ মিয়া যশোর সদর উপজেলার ভেকুটিয়া এলাকার মৃত খন্দকার আমিন হোসেনের ছেলে। আহতদের উদ্ধার করে মোংলা বন্দর হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।
মোংলা থানার উপপরিদর্শক হাদীউজ্জামান জানান, খুলনা থেকে অ্যাম্বুলেন্সে সিজারিয়ান একটি মৃত বাচ্চাসহ ৪ জন নিয়ে মোংলার উদ্দেশ্যে রওনা দেন হারিজ মিয়া। পথিমধ্যে মোংলার পাওয়ার হাউজ এলাকায় থামানো গ্যাস সিলিন্ডটার বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয় অ্যাম্বুলেন্সটি। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্স চালক নিহত হন। অ্যাম্বুলেন্সে থাকা আহতদের মোংলা বন্দর হাসপাতালে পাঠানো হয়। আহত একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।