বাগেরহাটে রিমালের প্রভাবে ১২ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত

0

 

বাগেরহাট সংবাদদাতা॥ ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ ও বাগেরহাট সদরের বিভিন্ন এলাকার ১২ কিলোমিটার বেড়িবাধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে গেছে ৩৫/১ ফোল্ডারের টেকসই বেড়িবাধের ২ কিলোমিটার ব্লক। মাটির পরিবর্তে বালি দিয়ে বাঁধ নির্মাণের কারণে ব্লক ধসে যাচ্ছে। গুরুতর ক্ষতিগ্রস্ত বাঁধগুলো মেরামত শুরু হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, প্রবল ঘূর্ণিঝড়ে শরণখোলায় ৩৫/১ ফোল্ডারের টেকসই বেড়িবাঁধের ২ কিলোমিটার ব্লক সরে গেছে। মোরেলগঞ্জের শ্রেণিখালী এলাকায়ও বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নেয় গোপাল কাঠি এলাকার দুটি স্থানে। বাধ ভেঙে পানি প্রবেশ করেছে লোকালয়ে। এছাড়াও জেলার বিভিন্ন জায়গায় মোট ১২ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন অন্তত ৫ লাখ মানুষ।
বুধবার দুপুরে গোপালকাঠি এলাকায় দেখা যায়, বেরিবাঁধটির কয়েকশ ফুট জায়গা পুরোপুরি বিলীন হয়ে গেছে ভৈরব নদের গর্ভে। ওই স্থান থেকে কিছুদূর সামনে এগিয়ে আরও একটি জায়গায় আরও কয়েকশ ফুট বাঁধ বিলীন হয়েছে নদী গর্ভে। এতে ওই এলাকার বিপুল সংখ্যক ঘেরের মাছ ভেসে গেছে। প্লাবিত হয়েছে বিপুল পরিমাণ বাড়িঘর।
গাবতলা এলাকার ইউপি সদস্য জাকির হোসেন বলেন, মূলত যখন বাঁধটি নির্মাণ করা হয় তখন মাটির পরিবর্তে বালি দেওয়া হয়েছিল। এই বালি দেওয়ার কারণেই ব্লক সরে গেছে। এখনতো পুরো বাঁধ ধসে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
বাঁধ ধসের বিষয়ে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, মোরেলগঞ্জ-শরণখোলা আসলে দুর্যোগপূর্ণ এলাকা। ঘূর্ণিঝড় রিমালে এলাকার ব্যাপক ক্ষতি হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে যে বাঁধ দেওয়া হয়েছে, নির্মাণ ত্রুটি থাকায় ওই বাঁধের ব্লক ধসে গেছে।