বাগেরহাটে ভ্যানচালক হত্যায় দুই ছিনতাইকারী গ্রেফতার

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটে ভ্যানচালক প্রহলাদ কুমার দাস ওরফে ভোলা ( ৪৫) হত্যা মামলায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঢাকার মিরপুর ও বাগেরহাট থেকে এদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতাররা হলেন, বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা গ্রামের মৃত মালেক মল্লিকের ছেলে মো. ইউসুফ মল্লিক (৩৬) ও একই উপজেলার চিংগুরিয়া এলাকার মোশারেফ মুন্সির ছেলে মো. সামসুল হক মুন্সি (২৬)। এদের মধ্যে বুধবার রাতে ইউসুফ মল্লিককে ঢাকার মিরপুর থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ইউসুফের স্বীকারোক্তি অনুযায়ী বাগেরহাট থেকে মো. সামসুল হক মুন্সিকে গ্রেফতার করা হয়।
এরআগে ৫ ডিসেম্বর দুপুরে খানজাহান (রহ.)-র দিঘির পূর্বপাড় থেকে প্রহলাদ কুমার দাসের মরদেহ উদ্ধার করে বাগেরহাট থানা পুলিশ। পরবর্তীতে নিহত প্রহলাদ কুমার দাস ওরফে ভোলার ভাই সঞ্জিব দাস বাদি হয়ে বাগেরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
হত্যার শিকার প্রহলাদ কুমার দাস ওরফে ভোলা কচুয়া উপজেলার সাংদিয়া গ্রামের পরিতোষ কুমার দাসের ছেলে। বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে ভ্যান চালানোর উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন তিনি। শুক্রবার ১ ডিসেম্বর রাতে কচুয়া থানায় সাধারণ ডায়েরি করেন স্ত্রী দিপিতা রানী দাস।
পিবিআই বাগেরহাটের উপপরিদর্শক কমলেশ মন্ডল বলেন, ছায়া তদন্তের মাধ্যমে আমরা হত্যার কারণ উদঘাটন করি। পরবর্তীতে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রধান আসামি ইউসুফ মল্লিকের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করি। ইউসুফ মল্লিকের স্বীকারোক্তি অনুযায়ী সামসুল হক মুন্সিকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।