বাগেরহাটে পৃথক ঘটনায় প্রতিপক্ষের হামলায় বিএনপি কর্মী ও দোকানি খুন

0

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের কচুয়া উপজেলায় বিএনপি কর্মীকে কুপিয়ে ও চিতলমারী উপজেলায় চা দোকানিকে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষরা। পৃথক এ দুটি ঘটনা ঘটে বুধবার যথাক্রমে কচুয়ার খলিশাখালী গ্রামে ও চিতলমারীর চর বড়বাড়িয়া গ্রামে।
পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে কচুয়া উপজেলার খলিশাখালী গ্রামে বিএনপি কর্মী আব্দুল গফফার শেখকে (৬০) বুধবার সকালে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। স্থানীয়রা উদ্ধার করে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। নিহত আব্দুল গফফার শেখের বাড়ি খলিশাখালী গ্রামে। স্থানীয়রা জানান, তিনি একজন বিএনপি কর্মী।
এদিকে, চিতলমারী উপজেলার চর বড়বাড়িয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ক্ষিতিশ চন্দ্র গাইন (৬৫) নামে এক চা দোকানিকে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষ। বুধবার দুপরে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। নিহত ক্ষিতিশ চন্দ্র গাইনের বাড়ি চর বড়বাড়িয়া গ্রামে। স্থানীয়রা জানান, ক্ষিতিশ চন্দ্র গাইনের সাথে ওই একই গ্রামের সকিনুর শেখের জমি নিয়ে বিরোধ ছিল। বুধবার বেলা ১১ টার দিকে এ বিষয়ে সালিশ বৈঠক হয়। বৈঠকে উভয় পক্ষের মধ্যে মীমাংসা হয়ে যায়। পরবর্তীতে এদিন দুপুরে সকিনুর শেখ ক্ষিতিশ গাইনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরাত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আছাদুজ্জামান বলেন, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল গফ্ফার শেখ নিহত হয়েছে। অপরদিকে চিতলমারীতে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ক্ষিতিশ নামের এক ব্যক্তি নিহত হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। উভয় হত্যাকা-ের ঘটনায় জড়িতদের আটকে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান ওই কর্মকর্তা।