বাগেরহাটে নির্মান করা হলো একগম্বুজ মসজিদ

0

আলী আকবর টুটুল,বাগেরহাট॥ বাগেরহাটের কচুয়া পদ্মনগরে নির্মান করা হয়েছে নান্দনিক ডিজাইনের আধুনিক মসজিদ কমপ্লেক্স। আধুনিক স্থাপত্য বিদ্যার সাথে মুসলিম ঐতিহ্যের সংমিশ্রণে তৈরি একগম্বুজ বিশিষ্ট্ এই মসজিদের চোখ জুড়ানো সৌন্দর্য্য দেখে মুগ্ধ সবাই। পদ্মনগর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী সরদার জাহিদুল ইসলামের ব্যক্তিগত অর্থায়নে ইজারা পদ্মনগর কেন্দ্রীয় জামে মসজিদ নামের এই মসজিদটি নির্মিত হয়েছে। দুই তলা বিশিষ্ট এই মসজিদের অভ্যন্তরে প্রায় ৫ শতাধিক মানুষ এক সাথে নামাজ আদায় করতে পারবেন। শুক্রবার (০১ এপ্রিল) জুম্মার নামাজের মধ্য দিয়ে এই মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের নায়েবে আমীর শাইখুল হাদীস পীরে কামেল আল্লামা মুফতি মনসুরুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মসজিদের উদ্বোধন করেন।


এসময় বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, বাগেরহাট চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি লিয়াকত হোসেন লিটন, কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফিরোজ শিকদার, ইজারা পদ্মনগর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি সরদার বজলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সরদার জাহিদুল ইসলাম, খাদেমুল ইসলাম পদ্মনগর মাদরাসা ও এতিমখানার মুহতামিম মুফতি মাওলানা ইমরান হোসাইন, ব্যবসায়ী শহিদুল ইসলাম খোকনসহ স্থানীয় দুই সহস্রাধিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জুম্মার নামাজ শেষে উদ্বোধনী অনুষ্ঠানে আসা মুসল্লীদের দুপুরের খাবার প্রদান করা হয়।


মসজিদের জমি দাতা ও বর্তমান সভাপতি সরদার বজলুর রহমান জানায়, ইজারা ও পদ্মনগর দুই গ্রামের প্রধান মসজিদ এটি। দীর্ঘদিন এলাকার মানুষ এখানে নামাজ পড়তেন। মূল মসজিদটি অনেক পুরানো হয়ে যাওয়ায়, ২০১৮ সালে এই মসজিদের জমিদাতা সরদার বজলুর রহমানের ছেলে ব্যবসায়ী সরদার জাহিদুল ইসলাম সকলের সম্মতিতে এখানে আধুনিক মসজিদ কমপ্লেক্স নির্মানের উদ্যোগ নেন। অর্ধশতাধিক শ্রমিকের তিন বছরের চেষ্টায় মসজিদটি নির্মান করা হয়। দুই তলা এই মসজিদের অভ্যন্তরে প্রায় ৫ শতাধিক মানুষ এক সাথে নামাজ আদায় করতে পারবেন। এছাড়া বাইরে খোলা যায়গায়ও নামাজ আদায়ের সুযোগ রয়েছে। আধুনিক এই মসজিদটির নকশা করেছেন বিল্ডিং ডিজাইনকারী প্রতিষ্ঠান রাশেদুল হাসান এ্যান্ড এ্যাসোসিয়েটেস-এর স্বত্তাধীকারী স্থাপতি রাশেদুল হাসান। মসজিদের মূল ভবনের সামনে রয়েছে প্রশস্ত জায়গা, প্রাকৃতিক আলো-বাতাস প্রবেশের জন্য পর্যাপ্ত সুযোগ রয়েছে। মেঝে করা হয়েছে মার্বেল পাথর দিয়ে। মূলভবনের তিন পাশে লোহার গ্রিল দেওয়া হয়েছে। মসজিদের মেহরাব করা হয়েচে কাবার আদলে। মসজিদের পূর্ব এবং উত্তর পাশে রাস্তা এবং পশ্চিম পাশে পদ্মনগর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ এবং দক্ষিন পাশে রয়েছে কবরস্থান। পূর্বপাশে রাস্তার ওপারে ইসলামী পাঠাগার ও অজু খানা। মসজিদের অদূরে করা হয়েছে খাদেমুল ইসলাম পদ্মনগর মাদরাসা ও এতিমখানা। যেখানে হিফজ, কিরিআত ও কওমি শিক্ষা চালু রয়েছে। বর্তমানে মাদরাসাটিতে অর্ধশতাধিক শিক্ষার্থী রয়েছে।
মসজিদ নির্মানের প্রধান মিস্ত্রি মোঃ বেলাল হোসেন বলেন, ৫০ বছরের উপরে আমি রাজমিস্ত্রির কাজ করি। কিন্তু এই ধরণের আধুনিক ডিজাইনের কাজ এই প্রথম করলাম। আমার আগে অনেক মিস্ত্রি এই ডিজাইন দেখে কাজ করতে অপরাগতা প্রকাশ করেছেন। আর্কিটেক এবং জাহিদ স্যারের পরামর্শে সর্বোচ্চ চেষ্টা করেছি ভালভাবে এই কাজ করার। আল্লাহর রহমতে কাজটি ভাল হয়েছে।কাজ দেখে সবাই খুশি হয়েছেন।
স্থানীয় শহিদুল ইসলাম, টুটুল, গনি শেখসহ কয়েকজন বলেন, এত সুন্দর মসজিদ আমরা কখনও দেখিনি। ইতোমধ্যে আমাদের এই মসজিদ দেখতে বিভিন্ন এলাকা থেকে লোকজন আসা শুরু করেছে। আমরা খুবই খুশি হয়েছি, এখানে এত সুন্দর মসজিদ নির্মান হওয়ায়।
খাদেমুল ইসলাম পদ্মনগর মাদরাসা ও এতিমখানার মুহতামিম মুফতি মাওলানা ইমরান হোসাইন বলেন, এই মসজিদটি অনেক পুরোনো। পুরোনো এই মসজিদকে ভেঙ্গে নতুন ভাবে তৈরি করা হয়েছে। মসজিদের জমিদাতা বজলুর রহমান সরদারের ছেলে বিশিষ্ট ব্যবসায়ী সরদার জাহিদুল ইসলাম নিজস্ব অর্থায়নের এই মসজিদ ও মাদরাসা তৈরি করেছেন। এখানে গরীব ও এতিম শিক্ষার্থীদের বিনামূল্যে পড়ার ব্যবস্থা রয়েছে। এছাড়া এই মসজিদকে কেন্দ্র করে এখানে ইসলামী শিক্ষা ও সংস্কৃতি চর্চার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। ব্যবসায়ী সরদার জাহিদুল ইসলাম বলেন, বাবা এখানে মসজিদ ও কুরআন শিক্ষালয়ের জন্য জমি দান করেছেন। আমি শুধুমাত্র পুরাতমন মসজিদটিকে একটি আধুনিক মসজিদ নির্মান করে দিয়েছি। এখন এলাকার সবাই মিলে মসজিদ ও মাদরাসা চালাবে। মসজিদ নির্মানে ব্যয়িত অর্থের পরিমান ও শ্রমিক সংখ্যার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মূলত আল্লাহর রাজি খুশির জন্য এলাকার মানুষের উপকারে এই মসজিদ নির্মান করেছি। কত টাকা কি ব্যয় হয়েছে, সে বিষয়ে জানাতে অপরগতা প্রকাশ করেন।