বাংলাদেশ সীমান্তে নিজেদের মধ্যে বিএসএফের গোলাগুলি

0
বাংলাদেশ সীমান্ত লাগোয়া বৈষ্ণবনগর ক্যাম্পে মর্মান্তিক ঘটনা: দুই বিএসএফ সদস্যকে নিজ বাহিনীরই একজন গুলি করে হত্যার পর তদন্তে পুলিশ ও বাহিনী।। ছবি: সংগৃহীত
বাংলাদেশ সীমান্ত লাগোয়া ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগরে বিএসএফ ক্যাম্পে এক জওয়ানের অতর্কিত গুলিবর্ষণে বাহিনীর দুই সদস্য নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।
গত বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত সংলগ্ন মালদার বিধাননগরে অবস্থিত বিএসএফের ১১৯ ও ৭১ নম্বর ব্যাটালিয়নের সদর দপ্তরে এই ঘটনা ঘটে।

বিএসএফ ও স্থানীয় পুলিশ সূত্র জানায়, অভিযুক্ত জওয়ানের নাম শিবম মিশ্র, যিনি ভারতের ছত্তিশগড় রাজ্যের বাসিন্দা। তিনি হঠাৎ করেই সহকর্মীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালান। এতে ঘটনাস্থলেই বিএসএফের ৭১ নম্বর ব্যাটালিয়নের দুই সদস্য নিহত হন।

নিহতরা হলেন বিহারের ছাপড়া জেলার অজয় কুমার সিং (৫১) এবং মহারাষ্ট্রের গড়চিরোলির বাসিন্দা আম্বাদার সুরেশ দারগু (৩৭)। এ ঘটনায় গুরুতর আহত হন একই ব্যাটালিয়নের আরেক জওয়ান বিকাশ ব্রহ্ম (৪৪)। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএসএফ সূত্রে জানা গেছে, অভিযুক্ত জওয়ান শিবম মিশ্র প্রায় এক বছর আগে সহকর্মীদের ওপর গুলি চালানোর অভিযোগে অভ্যন্তরীণ সামরিক আইনে শাস্তির মুখোমুখি হয়েছিলেন। সম্প্রতি তাঁর সেই শাস্তির মেয়াদ শেষ হওয়ায় তাঁকে নিজ বাড়িতে পাঠানোর প্রক্রিয়া চলছিল। এর মধ্যেই এই নতুন রক্তক্ষয়ী ঘটনা ঘটে।

ঘটনার পর বৈষ্ণবনগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। মালদার পুলিশ সুপার অনুপম সিং জানান, গুলির পেছনের আসল কারণ খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে, বিএসএফের মালদা সেক্টরের ডিআইজি সুরেন্দ্র কুমার ঝা জানিয়েছেন যে বিএসএফের পক্ষ থেকেও পৃথকভাবে একটি বিভাগীয় উচ্চপর্যায়ের তদন্ত পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সংলগ্ন বৈষ্ণবনগর এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।