মোদির কঠোর ব্যবস্থার আশ্বাসে ২৭ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

0
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর অনশন ভাঙলেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক ।। ছবি: সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্বাসের পর দীর্ঘ ২৭ দিনের অনশন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করেছেন দেশটির বিশিষ্ট পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক।
শুক্রবার গভীর রাতে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ (জে পি) নড্ডা ও জিতেন্দ্র সিংহের উপস্থিতিতে তিনি অনশন ভাঙেন। অনশন ভাঙার পর সেখানে উপস্থিত অতিথিরা তাঁকে উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানান।

এর আগে রাত ১১টা ৫৩ মিনিটে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আরও কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার জোরালো প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস কোনো সাধারণ বিষয় নয়; এটি দেশের লাখ লাখ শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের জন্য অত্যন্ত গভীর উদ্বেগ ও কষ্টের কারণ। গত আড়াই মাসে সরকারের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরে তিনি জানান, অভিযুক্তদের গ্রেপ্তার করা ছাড়াও শিক্ষার্থীদের একটি শিক্ষাবর্ষ যেন নষ্ট না হয়, সে লক্ষ্যে পুনরায় পরীক্ষা নেওয়া হয়েছে। ওই পুনঃপরীক্ষায় প্রায় ২২ লাখ পরীক্ষার্থী অংশ নিয়েছেন।

প্রধানমন্ত্রী আরও স্পষ্ট করেন যে, সরকার এ পদক্ষেপেই থেমে থাকবে না। অপরাধীদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের প্রস্তাব মন্ত্রিসভায় উত্থাপন করা হবে। একই সঙ্গে ভারতীয় সংসদের চলতি অধিবেশনেই এ-সংক্রান্ত বিল পাসের সর্বাত্মক চেষ্টা করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরই বৃহস্পতিবার গভীর রাতে হাসপাতালের শয্যায় বসে অনশন ভাঙার সিদ্ধান্ত নেন সোনম ওয়াংচুক। এ সময় তাঁর স্ত্রী গীতাঞ্জলি জৈন আংমো উপস্থিত ছিলেন। অনশন প্রত্যাহারের পর প্রধানমন্ত্রী মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে ওয়াংচুককে শুভকামনা জানান এবং চিকিৎসকদের পরমর্শ অনুযায়ী দ্রুত সুস্থ হয়ে ওঠার আহ্বান জানান।

উল্লেখ্য, জাতীয় প্রবেশিকা পরীক্ষা (নিট)-র প্রশ্নপত্র ফাঁসসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে গড়ে ওঠা আন্দোলনকে সংহতি জানাতে গত ২৮ জুন দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের অনশন শুরু করেছিলেন সোনম ওয়াংচুক। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে শুরু হওয়া এই কর্মসূচি পুরো আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছিল।