বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ ঘোষণা সরকারের

0
মোস্তাফিজকে বাদ দেওয়ার প্রতিবাদ; বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥  ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান বাংলাদেশে সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। মঙ্গলবার (৬ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় এই কঠোর পদক্ষেপ নেওয়া হলো।

মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো যৌক্তিক কারণ ছাড়াই বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত ও ক্ষুব্ধ করেছে। জনস্বার্থে এবং জাতীয় মর্যাদার কথা বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের যেকোনো আয়োজন প্রচার ও সম্প্রচার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এবারের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা। তবে ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর অযৌক্তিক দাবির মুখে বিসিসিআই এই টাইগার পেসারকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। এর আগে একই ইস্যুতে বাংলাদেশ দল ভারত সফরে না যাওয়ারও সিদ্ধান্ত নিয়েছিল।