বাংলাদেশের প্রতিটি সংকটে পুলিশ দায়িত্ব পালন করছে:আইজিপি

0

স্টাফ রিপোর্টার ॥ বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে যশোরে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল -মামুন। সোমবার বিকেলে পুলিশ লাইন্স ময়দানে এ পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে জেলা পুলিশ প্রশাসন। অনুষ্ঠানকে ঘিরে বর্ণিল সাজে সাজানো হয় পুলিশ লাইন্স ময়দান ও তার আশপাশ এলাকা।
অনুষ্ঠানে পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথির বক্তৃতায় পুলিশের মহাপরিদর্শক বলেন, মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি সংকটের সময় পুলিশ যথাযথভাবে দায়িত্ব পালন করে আসছে। মুক্তিযুদ্ধের চেতনা উঁচুতে তুলে ধরে সকল সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশ নিজেদের জীবন বিলিয়ে দিতে কুণ্ঠিত বোধ করেনি কখনো।
তিনি বলেন, এক সময় যশোরসহ দক্ষিণাঞ্চল ছিলো সন্ত্রাসীদের জনপদ। এরপর ‘জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছিলেন। সেই নীতিতে পুলিশের সকল সদস্য সৎ- নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছে। শুধু এই অঞ্চলে নয়, দেশের সকল স্থানে সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে পুলিশ জনতার পুলিশ হিসেবে কাজ করছে। ফলে শেখ হাসিনার নেতৃত্বে এই দক্ষিণ-পশ্চিমাঞ্চল ব্যবসা বান্ধব জনপদে পরিণত হয়েছে। শান্তিশৃঙ্খলার সঙ্গে উন্নয়নের জোয়ার বইছে।
পুলিশের আইজিপি আরও বলেন, অনেক কারণে পুলিশের সঙ্গে খেলাধুলার সম্পর্ক রয়েছে। শারীরিক গঠন ও মানসিক বিকাশে খেলাধুলার প্রয়োজনীয়তা গুরুত্বপূর্ণ। জাতীয় পর্যায়ের খেলাধুলায় বাংলাদেশ পুলিশের অবস্থান রয়েছে। আন্তর্জাতিক পর্যায়েও আমরা দেশের প্রতিনিধিত্ব করি। খেলাধুলায় বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ আরও সুদৃঢ় করার জন্য আমরা চেষ্টা করছি। এজন্য প্রত্যেক ইউনিটেই খেলাধুলা চর্চা বাড়াতে হবে। তিনি যশোরের এ বর্ণাঢ্য আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ জানান।
যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী ও খুলনা রেঞ্জের ডিআইজি মইনুল হক।
এরআগে, দুপুরে বেলুন উড়িয়ে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল- মামুন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ২৭টি ইভেন্টের মধ্যে প্রথমদিন ১২টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল- মামুন এবং বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী ও আইজিপি সহধর্মিণী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী।
পুলিশ সদস্যদের অংশগ্রহণে প্যারেড, মনোজ্ঞ ডিসপ্লে ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের ১০ জেলার পুলিশ সুপার ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, যশোরের রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা।