বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ও চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব

0
বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ও চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব

স্পোর্টস ডেস্ক, লোকসমাজ: বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ক্লাব ও চট্টগ্রাম ক্লাবের সদস্য ও খেলোয়াড়দের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে প্রাণবন্ত ক্রীড়া উৎসব। প্যাডেল টেনিস, ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস, টেনিস, স্কোয়াশ ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলায় প্রতিযোগিতাকে ঘিরে দিনভর ছিল উৎসবমুখর পরিবেশ।

স্পোর্টস সিটির প্যাডেল ও ফুটসাল কোর্টে একই সময়ে একাধিক খেলা অনুষ্ঠিত হওয়ায় পুরো আয়োজন প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে। বিভিন্ন খেলায় দুই ক্লাবের খেলোয়াড়দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দেখা গেলেও সবখানেই ছিল বন্ধুত্ব, সৌহার্দ্য ও ক্রীড়াসুলভ মনোভাবের ছাপ।

প্যাডেল টেনিসে দারুণ নৈপুণ্য প্রদর্শন করে গুলশান ক্লাব ১১-১ ব্যবধানে জয় তুলে নেয়। ফুটবল ম্যাচেও ছিল সমান উত্তেজনা। গুলশান ক্লাবের হয়ে ইশমাম এবং চট্টগ্রাম ক্লাবের হয়ে সাগর গোল করেন। নির্ধারিত সময় শেষে ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়।

অন্যদিকে, প্রতিকূল আবহাওয়ার কারণে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত করা সম্ভব হয়নি। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হলে তা ড্র হিসেবে গণ্য করা হয়।

বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান ও চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব

আয়োজকদের মতে, একই ছাদের নিচে একাধিক খেলার আয়োজনের মাধ্যমে বসুন্ধরা স্পোর্টস সিটি বহুমাত্রিক ক্রীড়া কার্যক্রম পরিচালনার সক্ষমতা তুলে ধরেছে। এ ধরনের আয়োজন বিভিন্ন ক্লাব, প্রতিষ্ঠান ও ক্রীড়াপ্রেমীদের এক প্ল্যাটফর্মে যুক্ত করে দেশের ক্রীড়া সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করতে সহায়ক ভূমিকা রাখবে।

ভবিষ্যতেও এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রেখে ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে বসুন্ধরা স্পোর্টস সিটি।