সাংবাদিকদের নিয়ে ১ ডিসেম্বর শুরু হচ্ছে এবিজি মিডিয়া কাপ ফুটবল

0

স্পোর্টস ডেস্ক, লোকসমাজ : সংবাদ সংগ্রহ, মাঠে ছুটে চলা, নিউজরুমের ব্যস্ততা আর সময়ের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিবেদন তৈরির মধ্যেই কাটে সংবাদকর্মীদের কর্মজীবন। পেশাগত ব্যস্ততার বাইরে সহকর্মীদের সঙ্গে আনন্দ ও বিনোদনে সময় কাটানোর সুযোগও খুব বেশি মেলে না। সাংবাদিকদের সেই একঘেয়েমি কাটিয়ে খেলাধুলা ও সৌহার্দ্যের পরিবেশ তৈরি করতে আয়োজন করা হয়েছে ‘এবিজি মিডিয়া কাপ ফুটবল’।

আনভীর বসুন্ধরা গ্রুপের উদ্যোগে আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে এবিজি স্পোর্টস সিটিতে শুরু হবে এই টুর্নামেন্ট। ‘এবিজি মিডিয়া কাপ ফুটবল আসছে চমক নিয়ে’ স্লোগানে আয়োজিত এ প্রতিযোগিতায় থাকছে বাংলাদেশের মিডিয়া অঙ্গনের ইতিহাসে সর্বোচ্চ প্রাইজমানির ঘোষণা।

আয়োজকদের অন্যতম লক্ষ্য, সংবাদমাধ্যমের কর্মীদের নিয়মিত পেশাগত ব্যস্ততা থেকে কিছুটা বিরতি দিয়ে খেলাধুলা ও বিনোদনের সুযোগ তৈরি করা। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের সাংবাদিকদের মধ্যে পারস্পরিক পরিচয়, বন্ধুত্ব ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করাও এ আয়োজনের উদ্দেশ্য।

টুর্নামেন্টটি শুধু ফুটবল প্রতিযোগিতায় সীমাবদ্ধ থাকবে না; বরং মিডিয়া অঙ্গনের সংবাদকর্মীদের মিলনমেলায় পরিণত হবে বলে প্রত্যাশা আয়োজকদের। এতে বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের সাংবাদিকরা একই মাঠে প্রতিদ্বন্দ্বিতায় নামার পাশাপাশি নিজেদের মধ্যে আনন্দ ও সৌহার্দ্য বিনিময়ের সুযোগ পাবেন।

এবারের আয়োজন ঘিরে প্রতিভা ও ক্রীড়ানৈপুণ্য প্রদর্শনের পাশাপাশি থাকছে নতুনত্বের নানা চমক। মাঠের লড়াইয়ে জয়-পরাজয়ের উত্তেজনার সঙ্গে পুরো আয়োজনজুড়ে থাকবে বন্ধুত্ব, সহমর্মিতা ও আনন্দের আবহ।

ইতোমধ্যে অংশগ্রহণকারী গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর সাংবাদিকদের টুর্নামেন্টের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে। জার্সি গায়ে মাঠে নামতে এবং নিজেদের দলকে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করতে ব্যস্ত হয়ে উঠছেন অংশগ্রহণকারীরা।

রেকর্ড প্রাইজমানি, নানা চমক ও সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ—সব মিলিয়ে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এবিজি মিডিয়া কাপ ফুটবল মিডিয়া অঙ্গনের ক্রীড়া সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা আয়োজকদের।