বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

0
বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে ৬০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা করছেন গভর্নর মোস্তাকুর রহমান।। ছবি: সংগৃহীত

বন্ধ কলকারখানা চালুসহ সামগ্রিক অর্থনীতি চাঙা করতে ৬০ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। শনিবার দুপুরে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে গভর্নর মোস্তাকুর রহমান এই ঘোষণা দেন এবং তহবিলের বিস্তারিত তুলে ধরেন।

গভর্নর জানান, ৬০ হাজার কোটি টাকার এই তহবিলের মধ্যে ৪১ হাজার কোটি টাকা সরবরাহ করবে ব্যাংকগুলো এবং বাকি ১৯ হাজার কোটি টাকা আসবে পুনঃ অর্থায়ন তহবিল থেকে। এই তহবিলের ঋণে সরকার ৬ শতাংশ সুদ ভর্তুকি দেবে এবং গ্রাহকেরা মাত্র ৭ শতাংশ সুদে ঋণ পাবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বন্ধ কলকারখানা চালুর পাশাপাশি কৃষি খাত, পোশাক শিল্প, সিএমএসএমই, পরিবেশবান্ধব এবং সৃজনশীল অর্থনীতি খাতেও এই তহবিল থেকে ঋণ ও অর্থায়ন করা হবে। গভর্নর আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে জিডিপি প্রবৃদ্ধি বাড়বে এবং ২৫ লাখ নতুন কর্মসংস্থান তৈরি হবে।

সংবাদ সম্মেলনে দেশের ব্যাংকিং খাতের সংকট নিয়েও কথা বলেন গভর্নর মোস্তাকুর রহমান। তিনি বলেন, দেশ থেকে ৫ লাখ কোটি টাকা চুরি হয়ে গেছে। ঋণের এক-তৃতীয়াংশ নাই হয়ে গেছে এবং এর বিপরীতে পর্যাপ্ত সম্পদ নেই।