বন্ধুর সাথে দেখা করতে এসে কিশোরীর অস্বাভাবিক মৃত্যু

0

 

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর)॥ মোবাইল ফোনে পরিচয় বন্ধুর সাথে দেখা করতে এসে যশোরের ঝিকরগাছায় এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার ছুটিপুর বাজারে। স্থানীয় সূত্রে জানা গেছে, শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের টেংরালী গ্রামের আমজাদ হোসেনের কন্যা শ্রাবণী আক্তার (১৫) এর সাথে চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের বাড়িয়ালী গ্রামের মফিজুর রহমানের ছেলে মুন্না হোসেনের মোবাইল ফোনের রং নাম্বারের মাধ্যমে পরিচয়।  সোমবার সকালে শ্রাবণী মুন্নার মোবাইলে ফোন দিয়ে এদিন দুপুরে তাকে ছুটিপুর বাজারে দেখা করতে বলে। মুন্না তার বন্ধু একই গ্রামের মন্টু মিয়ার ছেলে খাইরুল ইসলাম একটি মোটরসাইকেলে সেখানে যায়। মুন্না ও শ্রাবণী জামতলা বাজার থেকে গল্প করতে করতে মোহাম্মদপুর মোড়ে যায়। তারপর তিন জন একসাথে মোটরসাইকেলে বেলা ২টার দিকে ঝিকরগাছা-ছুটিপুর সড়কের মিশ্রীদেয়াড়া বাজারে রবিউল ইসলামের আল্লাহর দান হোটেল এন্ড রেস্টুরেন্টে সিঙ্গাড়া খেতে যায়। শ্রাবণী আক্তার একটি সিঙ্গাড়ার অর্ধেক খাওয়ার পরপরই হঠাৎ বুকে ব্যাথার কথা বলে টেবিল থেকে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় মুন্না দ্রুত শ্রাবণীকে একটি ভ্যানে করে ছুটিপুর কাউন্সিল রোড়ের সীমান্ত ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসানুজ্জামান মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রাবণীর মরদেহ উদ্ধার করে। প্রেমিক মুন্নাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং তার বন্ধু খাইরুল ইসলাম পালাতক রয়েছে বলে থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানিয়েছেন।