বন্ধুর ছুরিকাঘাতে খুন ফুলতলায়

দুই দিন আগে বাকবিতণ্ডার জের

0

খুলনা ব্যুরো। লোকসমাজ : খুলনার ফুলতলায় বুন্ধুদের ছুরিকাঘাতে এক যুবক নিহত ও দুই জন আহত হয়েছেন। উপজেলার দামোদর বিদ্যালয় এলাকায় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত সাব্বির (১৮) দামোদর ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোস্তফা হোসেনের ছেলে। তিনি ডিশ ও ইন্টারনেট সংযোগের কাজ করতেন। আহত একই এলাকার স্বাধীন (১৮) ও নিরব (১৮)  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফুলতলা থানার ওসি মোস্তফা কামাল গণমাধ্যমে জানান, হামলাকারী ও হতাহত উভয় একই বয়সী। তারা একে-অপরের বন্ধু। দুই দিন আগে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সাব্বির, স্বাধীন ও নিরবকে পেয়ে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন।  স্বাধীন ও নিরব গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।  স্থানীয়রা জানান ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

নিহত সাব্বিরের বাবা মোস্তফা জানান, সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সাব্বির। সন্ধ্যার একটু পরে বাড়িতে ফিরে আসে। খাওয়া শেষ করে ঘর থেকে বের হয়ে আড্ডার জন্য বাড়ির পাশে একটি দোকানে অবস্থান করে। এসময় তিনি বাজারে ছিলেন। সেখানে সাব্বিরের এক বন্ধু তাকে জানায়, ছেলেকে ছুরি মেরেছে দুর্বৃত্তরা। সেখান থেকে সাইকেল চালিয়ে হাসপাতালে আসেন তিনি। স্বাস্থ্য কমপ্লেক্সে এসে তিনি জানতে পারেন, সেখান থেকে সাব্বিরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জানান, সে মারা গেছে।

ওসি আরও জানান, রাতে মরদেহ মেডিকেল কলেজ মর্গে রাখা হয়।