বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুরের বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি

0
ছবি: সংগৃহীত।

খুলনা ব্যুরো ॥ খুলনার বটিয়াঘাটা উপজেলায় যুবদল নেতার বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটে শুক্রবার দিবাগত মধ্যরাত পৌনে ৩ টার দিকে উপজেলার জলমা ইউনিয়নের তেঁতুলতলা গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত পৌনে তিনটার দিকে দুটি মোটরসাইকেলে ৬ জন সন্ত্রাসী জলমা ইউনিয়নের তেঁতুলতলা গ্রামে প্রবেশ করে। তারা উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ করে।

বাহাদুর মুন্সি জানান, তিনি রাতে ঘরে ঘুমিয়ে ছিলাম। গুলির শব্দে ঘুম ভেঙে যায়। শব্দ পেয়ে বাড়িতে অনেক মানুষের ভিড় হয় তখন। এরপর বুঝতে পারেন তার ঘর লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়। সকালেও এসেছিল পুলিশ। কারা এবং গুলির কারণ কি তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।

খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মাদ তাজুল ইসলাম জানান, গুলিবর্ষণের ঘটনায় যুবদল নেতার পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে। কয়েকটি বিষয়কে সামনে রেখে গুলির ঘটনাটি তদন্ত করা হচ্ছে।