বোরকা পরে অন্ধকারে দাঁড়ানো ব্যক্তিকে দেখতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

0
পটিয়ার জৌলুর দিঘির পশ্চিম পাড়ে রাতে ছুরিকাঘাতে নিহত পঙ্কজ শীল; বাড়ি ফেরার পথে তিন দুর্বৃত্তের হামলার শিকার হন তিনি ও তার সঙ্গী তিলক।। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়া উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পঙ্কজ শীল (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। একই হামলায় আহত হয়েছেন তিলক চক্রবর্তী (৩৫)। মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার জৌলুর দিঘির পশ্চিম পাড় এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

নিহত পঙ্কজ শীল পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা গ্রামের মিলন শীলের ছেলে। আহত তিলক চক্রবর্তীও একই গ্রামের দুর্গাপদ চক্রবর্তীর ছেলে। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

যেভাবে ঘটনা ঘটে

আহত তিলকের বরাতে স্থানীয়রা জানান, কমলমুন্সীর হাট থেকে কথা বলতে বলতে বাড়ি ফিরছিলেন পঙ্কজ ও তিলক। জৌলুর দিঘির পশ্চিম পাড়ে পৌঁছালে গ্রামীণ সড়কে তিনজনকে দেখতে পান। এর মধ্যে একজন বোরকা পরিহিত ছিলেন। টর্চলাইট জ্বালিয়ে তাদের দেখার চেষ্টা করলে ওই তিন ব্যক্তি পঙ্কজ ও তিলককে ছুরিকাঘাত করেন।

চিৎকার শুনে এগিয়ে আসা স্থানীয়রা দুজনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা শঙ্কাজনক হওয়ায় দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে পঙ্কজ শীলের মৃত্যু হয়।

ঘটনার পর ধাওয়া দিয়ে এক সন্দেহভাজনকে আটক করেন স্থানীয়রা। গণপিটুনির পর তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক ব্যক্তির নাম আবিদুল ইসলাম (৩৫), তিনি গাইবান্ধা জেলার বাসিন্দা।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আটক ব্যক্তির সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে এবং অন্য জড়িতদের ধরতে অভিযান চলছে।