বঙ্গবাজারে দোকান লুটের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বঙ্গবাজারে দিন দুপুরে ওষুধের দোকানের তালা ভেঙে মালামাল ও নগদ টাকা লুটের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে মামলাটি করেছেন চৌধুরী ফার্মেসি অ্যান্ড সার্জিক্যালসের মালিক ব্যবসায়ী সোহেল রানা। আসামিরা হলেন, কাজীপাড়া কাঁঠালতলা এলাকার কাজী শহিদুল হক নাদিম, রাজারহাটের আহাদ ও ঝুমঝুমপুরের রাজু আহম্মেদ। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। এমনকি মালামালও উদ্ধার করতে পারেনি পুলিশ।
মামলায় উল্লেখ করা হয়েছে, সোহেল রানা ৭০ লাখ টাকায় বঙ্গবাজারের ১২ ও ১৩ নাম্বার দুইটি দোকানের পজিশন কেনেন আসামি নাদিমের কাছ থেকে। যা ৩শ টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্পের মাধ্যমে লেখালেখিও হয়। এরমাঝে নাদিম জানান তার নিউ মার্কেট এলাকায় একটি ফ্যাক্টারি রয়েছে যা বিক্রি করবেন। ওই ফ্যাক্টারি কিনতে রাজি হন সোহেল রানার আত্মীয় সোলাইমান চৌধুরি। এক পর্যায় সোলাইমানের কাছ থেকে একটি চেকও গ্রহন করেন নাদিম। গত দুই মাস আগে দোকান ছেড়ে দেয়ার জন্য চাপ দিতে থাকেন নাদিম । এক পর্যায় হুমকি ধামকি দেন। শেষমেষ গত ২৫ ডিসেম্বর ৫০ লাখ টাকা চাঁদাদাবি করেন শহিদুল হক নাদিম। টাকা না দেয়ায় গত ২৫ ফেব্রুয়ারি রাত সাড়ে আটটায় বাদীকে শহিদুল তার গাড়িখানা রোডের অফিসে ডেকে নিয়ে যান। এরপর তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ওই দোকানের চুক্তিনামার মুল কপি ছিনিয়ে নিয়ে ছিড়ে ফেলেন। যা ভিডিও করেও রাখেন ওই শহিদুল। পরে দোকানে যেয়ে তালা ঝুলিয়ে দেন। সর্বশেষ গত ৪ মার্চ দুপুরে আসামিরা একত্রিত হয়ে দোকানে যেয়ে প্রকাশ্যে মালামাল লুট করে বস্তায় ভরে নিয়ে যান। যার দাম ৫০ লাখ টাকা। এছাড়া ক্যাশ বাক্সে থাকা পাঁচ লাখ টাকাও লুট করে আসামিরা।
এ বিষয়ে মামলা তদন্ত কর্মকর্তা এসআই আনিছুর রহমান বলেন, অভিযুক্তদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে।