ফুলতলায় এক রাতে তিন ঘেরে বিষ চার লাখ টাকার মাছ লুট নিল

0

ফুলতলা (খুলনা) অফিস ॥ খুলনার ফুলতলার বিল ডাকতিয়ার একই রাতে তিন মৎস্য চাষীর ঘেরে বিষ প্রয়োগ করে ৪ লাখ টাকার মাছে লুটে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতে ধোপাখোলা গ্রামের তকব্বার ফকিরের পুত্র মাহাবুর ফকিরের মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা অন্ততঃ দুই লাখ টাকার মাছ ধরে নিয়ে যায়। একই গ্রামের রায়হান ফকিরের পুত্র কালাম ফকিরের ঘেরে থেকে এক লাখ টাকার এবং মোঃ তহমান মোল্যার পুত্র হাফিজুর রহমান মোল্যার ঘের থেকে বিষ ট্যাবলেট প্রয়োগ করে এক লাখ টাকা মাছ ধরে নিয়ে যায়। অনুরুপভাবে গত বৃহস্পতিবার দিবাগত রাতে ধোপাখোলা গ্রামের মোঃ জাসেম আল জাবেদ বিশ^াসের বিলদার-বিলস্থ মৎস্য ঘেরে বিষ ট্যাবলেট প্রয়োগ করে প্রায় ৪ লাখ টাকা মাছ লুটে নেয় দুর্বৃত্তরা। এ ব্যাপারে থানায় অভিযোগ করলে এসআই সাইফুল মৎস্য ঘের পরিদর্শন করেন। এলাকায় দীর্ঘদিন ধরে মৎস্য চাষীরা ব্যাংক, এনজিও ও সমিতি থেকে ঋণ নিয়ে ব্যবসা করে আসছে। কিন্ত বেশ কিছুদিন ধরে দুর্বৃত্ত চক্র চিংড়ি ডিপোর সাথে যোগসাজশে মৎস্য ঘেরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে চিংড়ি ও সাদা মাছ লুটে করে নিয়ে যাচ্ছে। এভাবে কৌশলে মাছ লুটে নিয়ে যাওয়ায় এলাকার মৎস্য চাষীরা সর্বসান্ত হয়ে যাচ্ছে। এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রনজিত কুমার রায় বলেন, চোরেরা বিষ ট্যাবলেট প্রয়োগ করে মাছ চুরি করে নিয়ে যায়। বাকি মাছ মরে নষ্ট হয়ে যায়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আবশ্যক।