ফরিদপুরে শক্তিশালী রিমোট নিয়ন্ত্রিত বোমা উদ্ধার: যৌথবাহিনীর তৎপরতায় নিষ্ক্রিয়

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ ফরিদপুর শহরের ব্যস্ততম এলাকায় পড়ে থাকা একটি ব্যাগ থেকে রিমোট নিয়ন্ত্রিত ডিভাইস দ্বারা পরিচালিত বোমা উদ্ধার করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) বোম্ব ডিসপোজাল ইউনিট সদস্যরা বোমাটি নিষ্ক্রিয় করেন।

এর আগে, শনিবার সকালে ফরিদপুরের আলীমুজ্জামান ব্রীজের দক্ষিণ অংশে একটি ব্যাগের ভেতর থেকে বোমাটি উদ্ধার করে যৌথবাহিনী। বোমাটি রিমোট নিয়ন্ত্রিত শক্তিশালী ইম্প্রোভাইস এক্সপ্লোসিভ ডিভাইস ছিল বলে জানিয়েছেন এন্টি টেররিজম ইউনিটের সদস্য ও পুলিশ পরিদর্শক শংকর কুমার ঘোষ।

রোববার সকাল সাড়ে ৯টা থেকে শহরের বিসর্জন ঘাট এলাকায় কুমার নদের পাড়ে বোমাটি নিষ্ক্রিয় করার উদ্যোগ নেয় ঢাকা থেকে আগত বোম্ব ডিসপোজাল ইউনিট। এ সময় বিসর্জন ঘাট সংলগ্ন আলীপুর সেতুর দু’পাশে এবং নদীর দুই পাড়ে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করে দেয় সেনাবাহিনী ও জেলা পুলিশের সদস্যরা। বোমাটি নিষ্ক্রিয় করার সময় ব্যাপক শব্দে কেপে উঠে বিস্ফোরণ স্থলের আশেপাশের এলাকা। প্রায় ৪০ ফুট উচ্চতায় উঠে যায় বোমার স্প্লিন্টার।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, এ ঘটনার পর থেকে শহরে নজরদারি বাড়ানো হয়েছে। কে বা কারা বোমাটি রেখেছিল সে বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ।