প্রেসক্লাব যশোরের সদস্যপদ প্রদানসহ ৩ দফা দাবিতে সাংবাদিক ইউনিয়ন যশোরের স্মারকলিপি

0
ছবি: লোকসমাজ।

লোকসমাজ ডেস্ক ॥ প্রেসক্লাব যশোরের সদস্যপদ প্রদান, অফিস কক্ষ সম্প্রসারণ ও যথাসময়ে প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের তিন দফা দাবিতে আন্দোলনে নেমেছে ফ্যাসিবাদ বিরোধী পেশাদার সাংবাদিকদের সংগঠন সাংবাদিক ইউনিয়ন যশোর।

বুধবার দুপুরে প্রেসক্লাব যশোরে সংগঠনের নির্বাহী কমিটি ও সাধারণ সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনের হাতে স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় স্মারকলিপির বিষয়বস্তু তুলে ধরে বক্তৃতা করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর ও সাবেক সভাপতি এম. আইউব।

স্মারকলিপি গ্রহণ করে সাংবাদিকদের দাবির প্রতি সম্মান রেখে বক্তব্য দেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। তিনি প্রেসক্লাবের নতুন সদস্যপদ প্রদানের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। বিষয়টি নিয়ে অতিসত্বর নির্বাহী কমিটিতে আলোচনা করবেন বলেও জানান।

দাবি যৌক্তিক উল্লেখ করে তিনি আরও বলেন, ৩৬ জুলাইয়ের পরে সাংবাদিক ইউনিয়নের সদস্যসহ গণঅভ্যুত্থানের পক্ষের সাংবাদিকরা ঐক্য বজায় রাখতে যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়েছেন। আমি সর্বোচ্চ চেষ্টা করবো উপযুক্তদের প্রেসক্লাব সদস্যপদ প্রদানের জন্যে।

এরআগে দুপুরে প্রেসক্লাবের দ্বিতীয় তলায় অবস্থিত গোলাম মাজেদ অডিটোরিয়ামে সভা করে সাংবাদিক ইউনিয়ন যশোর। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আকরামুজ্জামান। দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় নিয়োজিত সংগঠনের সদস্যদের প্রেসক্লাব যশোরের সদস্যপদ প্রদান, সংগঠনের অফিস কক্ষ সম্প্রসারণ ও যথাসময়ে প্রেসক্লারে নির্বাচনের দাবিতে সদস্যদের মতামত গ্রহণ করা হয়।

পরে সর্বসম্মতিক্রমে বিষয়গুলো নিয়ে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত হয়। এক সপ্তাহ সময় বেঁধে দিয়ে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত হয়। ১০ জুনের মধ্যে দাবি আদায় না হলে পরবর্তীতে নতুন কর্মসূচি দেওয়ার পরামর্শ দেন সদস্যরা।

সভায় বক্তৃতা করেন সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি বিএম আসাদ, সদস্য ও সাবেক নেতা আহসান কবীর, নূর ইসলাম, এম. আইউব, শহিদ জয়, সাইফুল ইসলাম সজল, কাজী আশরাফুল আজাদ, এসএম সোহেল, আব্দুল্লাহ হুসাইন, সরোয়ার হোসেন, তহীদ মনি, মীর মঈন হোসেন মুসা, তরিকুল ইসলাম তারেক, জুবায়ের আহম্মেদ, নিজামুদ্দিন ভুইয়া শিমুল প্রমুখ। সভায় পঞ্চাশের অধিক সদস্য উপস্থিত ছিলেন।

সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এসএম ফরহাদ। উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মীর কামরুজ্জামান মনি, দপ্তর সম্পাদক কাজী রফিকুল ইসলাম, নির্বাহী সদস্য হানিফ ডাকুয়া প্রমুখ।