দুশ্চিন্তা নিয়ে এসে স্বস্তির হাসিতে ফিরছেন মানুষ, পাশে গাজীপুরের ডিসি

0

স্টাফ রিপোর্টার : গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতি বুধবার অনুষ্ঠিত গণশুনানিতে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও অভিযোগ শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। জেলা প্রশাসক (ডিসি) মো. নূরুল করিম ভূঁইয়ার উপস্থিতিতে আয়োজিত এ গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা নাগরিকরা সরাসরি তাদের সমস্যা তুলে ধরছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গণশুনানিতে চিকিৎসা সহায়তা, আর্থিক সংকট, পারিবারিক ও সামাজিক বিরোধ, ভূমি-সংক্রান্ত জটিলতা, সরকারি ভাতা, কর্মসংস্থান, বকেয়া বেতন এবং স্থানীয় অবকাঠামোগত বিভিন্ন বিষয় নিয়ে আবেদন ও অভিযোগ জমা পড়ছে। যেসব সমস্যার তাৎক্ষণিক সমাধান সম্ভব, সেগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের নির্দেশনাও দেওয়া হচ্ছে।

সর্বশেষ গণশুনানিতে পঙ্গু বাবার চিকিৎসা সহায়তার আবেদন নিয়ে উপস্থিত হন পোশাক শ্রমিক সানিয়া আক্তার। তার আবেদন শুনে জেলা প্রশাসক আর্থিক সহায়তা প্রদান এবং ঢাকার জাতীয় পঙ্গু হাসপাতালে চিকিৎসা বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।

এদিকে টঙ্গীর ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত সামসুন্নাহারের চিকিৎসার জন্যও তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

গণশুনানিতে পারিবারিক ও সামাজিক সমস্যার বিষয়ও উঠে আসে। স্বামী মারা যাওয়ার পর পারিবারিক বিরোধের কারণে সমস্যায় পড়া বিধবা হালিমা আক্তারের অভিযোগ শুনে বিষয়টি তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি)-কে নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ, মাতৃত্বকালীন ভাতা, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের বকেয়া বেতন, সড়ক সংস্কার এবং স্থানীয় অবকাঠামো উন্নয়নসংক্রান্ত দাবিও গণশুনানিতে উত্থাপিত হয়। কিছু এলাকায় নতুন ভূমি অফিস ও হাসপাতাল স্থাপনের দাবিও জেলা প্রশাসনের নজরে আনা হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, সমাজসেবা অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক বিভাগ, প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট এবং সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, “আমাদের উদ্দেশ্য একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা, যেখানে সকল শ্রেণি-পেশার মানুষ তার ন্যায্য অধিকার পাবে। মানুষের সমস্যার কথা শুনে আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।”

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, নিয়মিত গণশুনানির মাধ্যমে নাগরিকদের সঙ্গে প্রশাসনের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে। এতে বিভিন্ন সমস্যার বিষয়ে দ্রুত অবগত হওয়া এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহজ হচ্ছে।