যশোরে প্রগতি আদর্শ মাদ্রাসায় সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

0
যশোরে প্রগতি আদর্শ মাদ্রাসায় সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার: যশোরের প্রগতি আদর্শ মাদ্রাসায় পবিত্র সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় মাদ্রাসা ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রিন্সিপাল মুন্সি নাজমুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজলিসুল মুফাসসিরিনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুন লাল। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার সম্পাদক আলমগীর হোসেন, নির্বাহী সদস্য মাহফুজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রাজু আহমেদ এবং অভিভাবক সদস্য নাজিম উদ্দিন।

আলোচনা সভায় বক্তারা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ, মানবিক মূল্যবোধ এবং নৈতিক শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা শিক্ষার্থীদের সৎ, মানবিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

প্রধান অতিথি হাসান আল মামুন লাল শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরে বলেন, ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে রাসুল (সা.)-এর শিক্ষা অনুসরণ করলে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

বিশেষ অতিথি আলমগীর হোসেন শিক্ষার্থীদের মানবসেবায় আত্মনিয়োগ এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মুন্সি নাজমুল শিক্ষার্থীদের সর্বদা সত্য কথা বলা, বড়দের সম্মান করা এবং ছোটদের প্রতি স্নেহশীল হওয়ার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে প্লে শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত বিভিন্ন বিষয়ে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।