ঝিনাইদহ আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

0

স্টাফ রির্পোটার, ঝিনাইদহ ॥ ঐতিহাসিক ৭ই মার্চ পালন উপলক্ষে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্যসব কর্মসূচীর আয়োজন করে। সোমবার সকাল ৭টার সময় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকালে দলীয় অফিস থেকে জেলা আওয়ামী লীগের এক বণার্ঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শহর ঘুরে বঙ্গবন্ধু চত্বর ও প্রেরণা-৭১ মোড়ে শেষ হয়। মিছিল শেষে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য সফিকুল ইসলাম অপু। এসময় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগ,যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ,কৃষক লীগ, যুব মহিলা লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঐতিহাসিক ভাষণ বাজানো হচ্ছে। তাছাড়া ঝিনাইদহ শহরের বিভিন্ন সরকারি, আধা-সরকারী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো ঐতিহাসিক ৭ই মার্চ পালন করছে। সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা টাঙানো হয়েছে ঐতিহাসিক দিনটি উপলক্ষে। এ উপলক্ষ্যে আয়োজিত এক সমাবেশে আওয়ামলীগের নেতারা বলেন, বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণটি একটি অলিখিত দলিল। এই ভাষণে পুরা বাঙালি জাতিকে বঙ্গবন্ধু এক ছাতার নিচে নিয়ে এসেছিল। তার কথায় অনুপ্রাণিত হয়ে ২৬ মার্চে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করেছিল বাঙালিরা। বর্তমানে জাতিসংঘ থেকে স্বীকৃত এটি পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণের মধ্যে অন্যতম বলে মত প্রকাশ করেন জনসাধারণ।