প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকর ছবি, ৩০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে যুবক আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে এক নারীকে প্রেমের জালে ফাঁসিয়ে আপত্তিকর ছবি তুলে ৩০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আরেফিন মাহফুজ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া গ্রাম থেকে যশোরের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই দেবব্রত ঘোষ তাকে গ্রেফতার করেন। আটক আরেফিন মাহফুজ একই গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারীর মা গত সোমবার কোতোয়ালি থানায় আরেফিন মাহফুজের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন, যার ভিত্তিতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল দ্রুত পদক্ষেপ নেয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর বাবা বিদেশে থাকেন। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানোর জন্য মা তাকে ঢাকার এক আত্মীয়ের বাসায় পাঠান। অভিযুক্ত আরেফিন মাহফুজ ছিলেন সেই আত্মীয়ের অফিসের কর্মচারী। এই সুবাদে তার ওই বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল। সেখানেই আরেফিন মাহফুজ যুবতীকে প্রেমের প্রস্তাব দেন। প্রাথমিকভাবে নারী তা প্রত্যাখ্যান করলেও, আরেফিন আত্মহত্যার হুমকি দিলে তিনি বাধ্য হয়ে সম্পর্কে জড়িয়ে পড়েন।

এই সুযোগ কাজে লাগিয়ে আরেফিন মাহফুজ গোপনে তার মোবাইল ফোনে নারীর আপত্তিকর ছবি তুলে রাখেন। এখানেই শেষ নয়, তিনি ওই নারীর নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলে তার চেক বই নিজের দখলে নেন। এরপরই শুরু হয় ব্ল্যামেইল। আরেফিন মাহফুজ নারীর মায়ের কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেন, অন্যথায় মেয়ের আপত্তিকর ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। চাঁদার টাকা না পেয়ে আরেফিন মাহফুজ সেই আপত্তিকর ছবি ও ভিডিও ভুক্তভোগী নারীর প্রবাসী বাবা এবং অন্যান্য আত্মীয়-স্বজনের কাছে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে পাঠিয়ে দেন।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই দেবব্রত ঘোষ জানান, আরেফিন মাহফুজকে আটকের পর তার কাছ থেকে ভুক্তভোগী নারীর নামে খোলা কালীগঞ্জ শাখার সোনালী ব্যাংকের একটি চেক বই উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরেফিন মাহফুজ স্বীকার করেছেন, তার ঢাকার বাসায় থাকা ল্যাপটপ ও মোবাইল ফোনসেটে আপত্তিকর ভিডিওগুলো এখনো সংরক্ষিত আছে। পুলিশ বর্তমানে সেসব ডিভাইস উদ্ধারের কাজ করছে।