প্রশাসনের সহায়তায় পরিবারের কাছে ফিরলেন হারিয়ে যাওয়া ৮০ বছরের বৃদ্ধ

0
ছবি: সংগৃহীত।

ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা॥ সিরাজগঞ্জ থেকে নিখোঁজ হওয়া ৮০ বছর বয়সী বৃদ্ধ মো. আহসান আলীকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসন। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তার দুই ছেলের কাছে তাকে হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ জামান, ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রজিউল্লাহ খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস ও বৃদ্ধের দুই ছেলে মো. নজরুল ইসলাম ও মো. ইয়াছিল আলী।

আহসান আলীর ছেলেরা জানান, গত ২৪ অক্টোবর সকালে আব্বা বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে ফকিরহাট উপজেলা প্রশাসনের মাধ্যমে আব্বার অবস্থান জানতে পেরে তাকে নিতে ফকিরহাটে আসি। দীর্ঘ ১০ দিন পর তাকে ফিরে পেয়ে আমরা আনন্দিত।

গত ৩১ অক্টোবর রাতে থানা-পুলিশের সহযোগিতায় ফকিরহাটের কাটাখালী এলাকা থেকে ওই বৃদ্ধকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ জামান বলেন, কাটাখালী এলাকা থেকে উদ্ধার হওয়া বৃদ্ধকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।