যশোরের প্রাণপুরুষ তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী আগামীকাল

0
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম, ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী আগামীকাল।

যশোর তথা দেশের দক্ষিণ-পশ্চিম জনপদের উন্নয়নের কারিগর খ্যাত বরেণ্য এই রাজনীতিকের মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠন সমূহ।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন জানান, তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে এবার দুই দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে কবর জিয়ারত, দোয়া মাহফিল, শিক্ষা উপকরণ বিতরণ, জায়নামাজ, টুপি, তসবিহ বিতরণ, গণভোজ ও স্মরণ সভা।

আগামীকাল বুধবার ৪ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় কারবালা কবরস্থানে গিয়ে বরেণ্য রাজনীতিক তরিকুল ইসলামের কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে।

এরপর সকাল ১১ টায় জেলা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। একই স্থানে বেলা ১২ টায় জেলা ছাত্রদলের আয়োজনে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং বেলা সাড়ে ১২ টায় জেলা মৎস্যজীবী দলের আয়োজনে মুসল্লিদের মাঝে “জায়নামাজ, টুপি, তসবিহ বিতরণ করা হবে।

এছাড়া দিনব্যাপী বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে গণভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

আগামী ১৪ নভেম্বর বেলা তিনটায় মুন্সী মেহেরুল্লাহ ময়দানে স্মরণ সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী।

এদিকে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন জানান, আজ উপজেলার সকল ইউনিয়নের প্রতিটি মসজিদে তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

প্রতিটি গ্রামে দরিদ্রদের জন্য গণভোজের আয়োজন করা হয়েছে। আগামী ৬ নভেম্বর এতিমদের মাঝে খাবার বিতরণ করা হবে।