প্রভাবশালীদের অভিযোগে ৫ মাস পর টেন্ডার বাতিল : আরো তীব্র হলো ওষুধ সংকট *যশোর ২৫০ শয্যা হাসপাতাল

0

বিএম আসাদ ॥ টেন্ডার জটিলতায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে দীর্ঘদিন যাবত ওষুধ সংকট চললেও তা নিরসনের উদ্যোগ না নিয়ে আরো অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়া হয়েছে। পাঁচ মাস আগের সেই বহুল আলোচিত এমএসআর টেন্ডার অবশেষে বাতিল করা হয়েছে। ফলে, এই প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে ওষুধ সংকট আরো তীব্রতর হওয়ার আশংকা দেখা দিয়েছে।
গত জুলাই মাসে ২০২৩-২৪ অর্থ বছরের এমএসআর টেন্ডার আহ্বান করেন হাসপাতালে কর্তৃপক্ষ। ওষুধ সরবরাহসহ ৬ গ্রুপের কাজে সকল প্রক্রিয়া সম্পন্ন করে কর্তৃপক্ষ অনুমোদনের জন্যে তা ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরে প্রেরণ করেন। এরপর সেখানে শুরু হয় একটি মহলের অপতৎপরতা।
সূত্র মতে, যারা কাজ পায়নি তাদের ভেতর কয়েকজন প্রভাবশালী ঠিকাদার ওই টেন্ডারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। এরপর কাজের অনুমোদন না দিয়ে সময় ক্ষেপন করে স্বাস্থ্য অধিদপ্তর। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর দেড় সপ্তাহ আগে ঢাকা থেকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পূর্বের টেন্ডার বাতিল করে অনলাইনে টেন্ডার আহ্বানের নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে, টেন্ডারটি স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন না পাওয়ায় ঠিকাদার ওষুধ সরবরাহ করতে পারেননি। এ অবস্থায় হাসপাতালে দেখা দেয় মারাত্মক ওষুধ সংকট। টেন্ডার জটিলতার কারণে রোগীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
জানা গেছে, হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন ১ হাজার ৫শ থেকে ১ হাজার ৬শ রোগী চিকিৎসা নিয়ে থাকেন। সরকারি মূল্য ৫ টাকার টিকিট ১০ টাকায় কিনে তারা চিকিৎসা নেন। এরপর চিকিৎসকের প্রেসক্রিপশন নিয়ে হাসপাতাল ফার্মেসিতে ওষুধ নিতে যান। কিন্তু ফার্মেসিতে প্রয়োজনীয় ওষুধ না পেয়ে রোগীরা বিফল মনোরথ হয়ে ফিরে যাচ্ছেন। বাইরের ফার্মেসিতে ওষুধের মূল্য বেশি হওয়ায় গরিব রোগীরা প্রয়োজনীয় ওষুধ কিনতে পারছেন না। জানা গেছে, গত জুলাই মাস থেকে চলতি নভেম্বর মাস পর্যন্ত চলছে ওষুধের সংকট। হাসপাতালে আগে ৫০ প্রকার ওষুধ সরবরাহ করা হয়েছে। অক্টোবর মাসে সরবরাহ করা হয়েছে ২০ প্রকার ওষুধ। নভেম্বর সরবরাহকৃত ওষুধের সংখ্যা ১৮ প্রকার। যার অধিকাংশই কম দামের। ৩৪ টাকা মূল্যের অ্যাজিথ্রো মাইসিন ট্যাবলেট, ১৭ টাকা মূল্যের মনটিল্যূকাম ট্যাবলেট, নিলো¯িক্সন ট্যাবলেট, ১২ টাকা মূল্যের ক্লোপিডোগ্লেলও ৮ টাকা মূল্যের ফেক্সোফেনাডিল ও কাডর্ন ট্যাবলেট দেয়া হচ্ছে। এছাড়া ১ টাকা ২০ পয়সা মূল্যের প্যারাসিটামল, ৮০ পয়সা মূল্যের, এসপিরিন ট্যাবলেটসহ মোট ১৮ প্রকার ওষুধ দেয়া হচ্ছে।
যশোর ২৫০ শয্যা হাসপাতালের আরএমও ডা. প্রার্থ প্রতীম চক্রবর্তী ওষুধ সংকটের কথা স্বীকার করে বলেন, এর পেছনে কয়েকটি কারণ রয়েছে। একটি হচ্ছে, আগে টেন্ডার সম্পন্ন করে ঠিকাদার নিয়োগ করার পর অনুমোদনের জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। সেখানে কয়েক মাস পর টেন্ডার বাতিল অনলাইনে নতুন করে টেন্ডার আহ্বানের নির্দেশ দেয়া হয়েছে। এখন টেন্ডার আহ্বানের প্রক্রিয়া চলছে। এসব জটিলতার কারণে ঠিকাদাররা ওষুধ সরবরাহ করতে পারেননি। ফলে, ইডিসিএল থেকে যে ওষুধ আনা হচ্ছিল তাই রোগীদের দেয়া হচ্ছিল। কিন্তু বিরোধী দলের অবরোধ হরতাল কর্মসূচির মধ্যে পড়ে সেটাও আনা সম্ভব হচ্ছে না। ফলে ওষুধ সংকট দেখা দিয়েছে।