প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর শুরু, ১৭ চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের আশা

0
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন। দুই দিনের সফর শেষে তিনি চীন সফরে যাবেন, যেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক এবং ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে।। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জাতীয় স্বার্থ সংরক্ষণে সক্রিয় কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে আজ দুপুরে প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হচ্ছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুই দিনের এই সফর শেষে তিনি চীনের বন্দরনগর দালিয়ানের উদ্দেশ্যে যাত্রা করবেন। গতকাল শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ দ্বৈত সফরের বিস্তারিত তথ্য নিশ্চিত করেছেন।

পররাষ্ট্র সচিব জানান, ২১-২২ জুন মালয়েশিয়া এবং ২৩-২৬ জুন চীন সফর করবেন প্রধানমন্ত্রী। মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা, প্রবাসীকল্যাণ, বাণিজ্য ও সম্প্রচারমন্ত্রীসহ একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশ নিচ্ছে। আগামী ২২ জুন দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, হালাল অর্থনীতি, শ্রমবাজার, সেমিকন্ডাক্টর শিল্প এবং রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানের কার্যকর ভূমিকা নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার ও আরসিইপি-এ যোগদানে মালয়েশিয়ার সমর্থন চাওয়া হবে এবং সংস্কৃতি বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হতে পারে।

এরপর ২৩ জুন চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের আমন্ত্রণে চীন সফর শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের শুরুতে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সভা ‘সামার দাভোস’-এর মূল অধিবেশনে ‘ক্লাইমেট লিডারশিপ ইন শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ’ শীর্ষক সেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন। ২৪ জুন তিনি বেইজিংয়ে পৌঁছাবেন এবং ২৫ জুন সকালে চীনের এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ও কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। একই দিনে বিডা আয়োজিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম’-এ চীনা ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানাবেন তিনি।

বিকালে গ্রেট হলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই দেশের মধ্যে ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় দলিল সই হতে পারে, যার মধ্যে ১৩টি সমঝোতা স্মারক, দুটি চুক্তি, একটি কর্মপরিকল্পনা ও একটি প্রটোকল রয়েছে। সফর শেষে আগামী ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে শীর্ষ দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিয়েনআনমেন স্কয়ারে বীর যোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ওই দিন বিকেলেই তাঁর ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।