প্রধানমন্ত্রীর অনন্য দৃষ্টান্ত, যোগ্য ব্যক্তিদের সম্মানিত করলেন

0
ছবি: লোকসমাজ।

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী তারেক রহমান আবারো প্রমাণ করলেন তিনি অনন্য। অনন্য সাধারণ এক প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার নজরুল বর্ষ উদ্বোধনের সময় নিজেই সঞ্চালকের ভূমিকায় অবতীর্ণ হয়ে তার নজীর স্থাপন করলেন। জাতীয় ওই অনুষ্ঠানে সরকারি প্রটোকল ভেঙে যোগ্য ব্যক্তিদের সম্মানিত করলেন তিনি।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ে নজরুল বর্ষ উপলক্ষে মন্ত্রিপরিষদ বিভাগ কক্ষে চলছিল এ অনুষ্ঠান। এক পর্যয়ে সঞ্চালক প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধনের ঘোষণা দিতে অনুরোধ করেন। তখন প্রধানমন্ত্রী সরকারি নিয়ম-কানুনের তোয়াক্কা না করে বলেন, এ অনুষ্ঠান ততক্ষণ পূর্ণতা পাবে না, যতক্ষণ না নজরুল সঙ্গীত শিল্পী, নজরুল গবেষক, কবি, সাহিত্যিক, আলোচক ও নজরুল পরিবারের সদস্যরা এ বিষয়ে তাদের বক্তব্য ও মতামত তুলে ধরবেন।

পরে তিনি বেশ কয়েকজনকে নিজেই অনুরোধ করেন নজরুল বর্ষ নিয়ে কথা বলার জন্যে। স্বয়ং প্রধানমন্ত্রীর এ আহ্বানে সাড়া দেন অনুষ্ঠানের সাথে মানানসই ব্যক্তিত্বরা। তারা সাবলিলভাবে তাদের অভিব্যক্তি ব্যক্ত করার পাশাপাশি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

এ নিয়ে যশোরের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ দীপঙ্কর দাস রতন বলেন, আজ আমি বুক ফুলিয়ে বলতে পারবো আমি সাংস্কৃতিক কর্মী, আমি গানের শিল্পী, নাট্যাভিনেতা। এতোদিন সবাই বলতো,‘গান-ফান করে বেড়ায়’। আজ প্রধানমন্ত্রী আমাদের পেশাকে সম্মান দিলেন।

সুধী মাজের প্রতিনিধি কামরুল ইসলাম রিপন, মাসুজ্জামান, শাহনাজপারভীনসহ বেশ কয়েকজন এ নিয়ে আবেগে উচ্ছ্বসিত হন।

ছবি: লোকসমাজ।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে বছরব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দেশের অন্যান্য জেলার মতো যশোর জেলাও এ প্ল্যাটফর্মে যুক্ত হয়ে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়।

যশোর কালেক্টরেট ভবনের অমিত্রাক্ষর মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে যশোর জেলা প্রশাসনের কর্মকর্তা, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, নজরুলপ্রেমী, কবি-সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক ও সুধী সমাজ অংশ নেয়। অনুষ্ঠানে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সংস্কৃতিক সংগঠনের নেতা দীপাঙ্কর দাস রতন, ড. শাহনাজ পারভীন, আনোয়ারুল কবির সোহেল, মাসুদুজ্জামান, অখিল বিশ্বাস, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কালকে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছেন। এর পাশাপাশি কবির স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালকে ‘নজরুল সিটি’ ঘোষণার সম্ভাব্যতা খতিয়ে দেখা হচ্ছে বলেও অনুষ্ঠানে জানানো হয়।