চৌগাছায় পাচারকালে ৩৬ বস্তা সার জব্দ : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছা হতে ৩৬ বস্তা সার অন্যত্র পাচারকালে জনতার হাত ধরা পড়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সমুদয় সার জব্দ করেন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত সার বহনকারীকে ২ হাজার টাকা জরিমানা ও ব্যবসায়ীর দোকান সিলগালা করেছেন। মঙ্গলবার বেলা ১১ টায় পৌরসভার চানপুর মোড়ে এই ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১ টার দিকে চৌগাছা পারবাজারের সার ব্যবসায়ী খাইরুল ইসলাম ৩৬ বস্তা সার পাচারের পরিকল্পনা করে। সমুদয় সার একটি আলমসাধুতে উঠিয়ে যশোরের ঝিকরগাছার ছুটিপুর বাজারের এক ব্যবসায়ীর দোকানে দেয়ার জন্য পাঠায়। পথিমধ্যে চানপুর বটতলা মোড়ে পৌঁছালে জনতা আলমসাধুর গতিরোধ করে এবং সার কোথায় যাচ্ছে কার সার জানতে চায়।

এ সময় আলমসাধু চালক টিটোন হোসেন উপস্থিত জনতাকে সার খাইরুলের এবং ছুটিপুর নিয়ে যাওয়া বলে জানান। এ খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উপস্থিত হয় থানা পুলিশ। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কৃষি অফিসার মুসাব্বির হুসাইন এসে স্থানীয় জনতা ও আলমসাধু চালকের ভাষ্য শুনে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পচিলনা করেন।

আদালত পৌর এলাকার জিওয়লগাড়ি মহল্লার আব্দুর রাজ্জাকের ছেলে টিটোন হোসেনকে দুই হাজার টাকা অর্থদণ্ড এবং পারবাজারের ব্যবসায়ী খাইরুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানকে সিলগালা করার পাশাপাশি তার নামে থানায় নিয়মিত মামলা করেন। একই সাথে জব্দকৃত সমুদয় সার ঘটনাস্থলেই স্থানীয় কৃষকের মাঝে সরকারি দামে বিক্রি করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি,এম,এ, মুনীব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সার ব্যবসায়ীকে ব্যবসা প্রতিষ্ঠানে পাওয়া যায়নি। তিনি খবর পেয়ে আগেই দোকান থেকে চলে গেছেন। ব্যবসা প্রতিষ্ঠানকে সিলগালা করার পাশাপাশি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।