প্রচণ্ড খরতাপে বিপাকে খেটে খাওয়া মানুষ 

0

স্টাফ রিপোর্টার ॥ গত কয়েকদিন ধরে যশোরসহ আশপাশের এলাকাজুড়ে তীব্র খরতাপ জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। বিশেষ করে সাধারণ খেটে খাওয়া মানুষেরা পড়েছেন চরম দুর্ভোগে। সকাল থেকে সূর্যের প্রচণ্ড উত্তাপে রাস্তাঘাট ফাঁকা হয়ে পড়ছে, দিনমজুর ও রিকশাচালকদের মতো শ্রমজীবী মানুষেরা কাজে বের হলেও বেশি সময় বাইরে থাকা সম্ভব হচ্ছে না।

শংকরপুরের স্থানীয় রিকশাচালক মোশারফ শেখ বলেন, ‘রোদ এত তীব্র যে দুপুরের আগেই বাড়ি ফিরতে হয়। কিন্তু তাতে পেটে ভাত জোটে না।’ তার মতো আরও অনেক শ্রমিক রোজগারের অভাবে দুশ্চিন্তায় পড়েছেন।

তীব্র তাপমাত্রার কারণে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শহরের প্রধান সড়কগুলো প্রায় জনশূন্য থাকছে। পথচারী ও যানবাহন চলাচল একেবারেই কমে গেছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। যারা বের হচ্ছেন, তাদের বেশিরভাগই ছাতা, টুপি বা ওড়না ব্যবহার করে সূর্যের তাপ থেকে নিজেদের রক্ষার চেষ্টা করছেন।