পুলিশ সুপারকে জাপা প্রার্থীর স্মারকলিপি: বসুন্দিয়া ইউনিয়নে নৌকার প্রার্থীও কর্মীদের বিরুদ্ধে ত্রাস সৃষ্টির অভিযোগ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের কর্মীদের বিরুদ্ধে ব্যাপক ত্রাস সৃষ্টি এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীদের নানাভাবে হুমকি-ধামকি দেয়ার অভিযোগ উঠেছে। জাতীয় পার্টি মনোনীত প্রার্থী তুহিন খান শনিবার যশোরের পুলিশ সুপার বরাবর দেয়া এক স্মারকলিপিতে এ অভিযোগ করেছেন।
স্মারকলিপিতে তিনি বলেছেন- আগামী ৫ জানুয়ারি যশোর সদর উপজেলার ১৫ নং বসুন্দিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. তুহিন খান। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ মনোনীত রিয়াজুল ইসলাম খান (রাসেল) এর উচ্ছৃঙ্খল নেতা-কর্মীরা জাতীয় পার্টির বিভিন্ন ওয়ার্ডে বয়স্ক মুরুব্বী লোকজনের উপর নির্বাচনী কর্মকান্ডে বাধা প্রদানসহ জীবন নাশের হুমকি দিচ্ছে। শুধু তাই নয়, পরিকল্পিতভাবে নেতা-কর্মীদের তালিকা তৈরি করে পুলিশি হয়রানি ও গ্রেফতার শুরু করেছে। বেশ কিছু জায়গায় নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলেছে। এমনকি তার নেতা-কর্মীরা প্রতিটি গ্রামে, পাড়া-মহল্লায় গিয়ে সাধারণ ভোটারদের প্রকাশে বলছে, নৌকায় ভোট না দিলে কেন্দ্রে যাওয়ার দরকার নেই। যারা যাবে তারা আওয়ামী লীগ নেতা-কর্মী ও এজেন্টের সামনে নৌকায় সীল মারতে হবে। নইলে বিপদ আছে। বিশ্বস্ত সূত্রে জানতে পারি, পরিকল্পিতভাবে আওয়ামী প্রার্থীর যে কোন নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দিয়ে জাতীয় পার্টির নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে আটক করা হবে এবং নির্বাচনের আগের দিন রাতে প্রতিটি কেন্দ্রে বোমা ফাঁটিযে সাধারণ ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি করে ভোট কেন্দ্র দখল করে জোরপূর্বক ভোট কেটে নেয়া হবে। স্মারকলিপিতে আগামী ৫ জানুয়ারি ১৫ নং বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তার সুব্যবস্থা করতে আবেদন জানানো হয়েছে।