চৌগাছায় পুলিশের হাত ফসকে পলাতক মাদক কারবারি, হ্যান্ডকাফ নিয়েও চাঞ্চল্য

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় পুলিশের অভিযানের সময় উজ্জল হোসেন (৩০) নামে এক চিহ্নিত মাদক কারবারি পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ সময় তার হাতে হ্যান্ডকাফ লাগানো ছিল বলে স্থানীয় সূত্রের দাবি। বুধবার (১২ জুলাই) সন্ধ্যার আগে উপজেলার সীমান্তবর্তী আড়শিংড়িপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। উজ্জল ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, বুধবার বিকেলে চৌগাছা থানার একটি দল আড়শিংড়িপুকুরিয়া গ্রামে অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে পুলিশ উজ্জলকে আটক করে এবং তার হাতে হ্যান্ডকাফ পরানো হয় বলে দাবি করা হয়। পরে কথোপকথনের সময় সুযোগ বুঝে তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান। পুলিশ তাকে পুনরায় আটক এবং হ্যান্ডকাফ উদ্ধার করতে চেষ্টা চালালেও তাৎক্ষণিকভাবে সফল হয়নি বলে স্থানীয়দের ভাষ্য।

তবে পুলিশের পক্ষ থেকে হ্যান্ডকাফসহ আসামি পালিয়ে যাওয়ার অভিযোগ অস্বীকার করা হয়েছে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ বলেন, “আসামি ধরতে পুলিশ সেখানে গিয়েছিল। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। হ্যান্ডকাফ নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনাও সঠিক নয়।”

এদিকে স্থানীয় একটি সূত্র দাবি করেছে, গভীর রাতে বিশেষ ব্যবস্থায় পুলিশ হ্যান্ডকাফটি উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে অভিযুক্ত মাদক কারবারি এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

ঘটনার বিষয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।