তালায় ২৯ উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

0
ছবি: সংগৃহীত।

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার তালায় ছাগল ও ভেড়া পালন কর্মসূচির আওতায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া এবং পালন কাজের জন্য নির্মিত ঘর বিতরণ করা হয়েছে। একই সঙ্গে উপকারভোগীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়।

মঙ্গলবার সকালে উপজেলার মাগুরা ইউনিয়নে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)-এর মাগুরা শাখা-১ কার্যালয়ে এ বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাস নির্বাহী পরিচালক শেখ ইমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা। বিশেষ অতিথি ছিলেন মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণেশ দেবনাথ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাছুম বিল্লাহ এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাসের অ্যাডমিন অফিসার ও প্রকল্প সমন্বয়কারী সাইফুল ইসলাম, স্মার্ট প্রকল্পের ম্যানেজার বিএম হাবিবুর রহমান, পরিবেশ সমন্বয়কারী শেখ ইমন পারভেজ প্রিন্স, অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স অফিসার সাইদুর রহমান, কৃষি ইউনিটের মৎস্য কর্মকর্তা ইকরামুল ইসলাম প্রমুখ।

আয়বর্ধক কর্মকাণ্ডের মাধ্যমে উপকারভোগীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের স্বাবলম্বী করে তোলাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য বলে আয়োজকরা জানান। সাস আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতা করেছে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন।