পুলিশি তান্ডবের মুখেও যশোরে বিএনপির শোভাযাত্রায় নামে জনতার ঢল

0

 

স্টাফ রিপোর্টার ॥ পুলিশের বাধা উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে যশোরে বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।  শুক্রবার জেলা বিএনপির আয়োজনে দলটির প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে জনতার ঢল নামে যশোর শহরের পিচঢালা সড়কে। কেবল শোভাযাত্রাপূর্ব সমাবেশস্থল ভোলা ট্যাংক সড়ক নয়,সমগ্র যশোর শহরজুড়ে বিএনপি নেতাকর্মীদের ঢল নামে। বেলা ৩ টায় ভোলা ট্যাংক রোডে আনুষ্ঠানিকভাবে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও জুমার নামাজ শেষে দলীয় নেতাকর্মীরা সমাবেশস্থলে মিছিল সহকারে উপস্থিত হতে থাকেন। একটা পর্যায়ে গোটা এলাকা মিছিলের নগরীতে পরিণত হয়।
তাদের হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা,দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও মন্ত্রী যশোরের গণমানুষের নেতা  মরহুম তরিকুল ইসলামের ছবি সংবলিত প্ল্যাকার্ড। সেই সাথে দলীয় প্রতীক ধানের শীষ আর বজ্রকণ্ঠে উচ্চারিত ‘এক দফা এক দাবি,শেখ হাসিনা কবে যাবি’, ‘চোর চোর ভোট চোর, শেখ হাসিনা ভোট চোর’, ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’, ‘জেল-জুলুম-হুলিয়া, নিতে হবে তুলিয়া’, ‘এই মুহূর্তে দরকার, তত্ত্বাবধায়ক সরকার’ ইত্যাদি স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে গোটা শহর। পথে পথে মিছিলকারীদের উদ্দেশ্যে হাত নেড়ে, করতালি দিয়ে উৎসাহ যুগিয়েছেন দোকানি, রিকশাচালক, শ্রমিক, পথচারী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ।
এদিকে যশোর জেলা বিএনপির শোভাযাত্রায় অংশ নিতে বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীদের পুলিশ বিভিন্ন স্থানে বাধা প্রদান করে। বাস,মাইক্রোবাস,পিকআপ,ইজিবাইকে আসা নেতাকর্মীদের আটকে দিয়ে চালককে মারধর করে। মনিরামপুর রাজগঞ্জ অঞ্চল থেকে একাধিক নেতাকর্মী জানিয়েছেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আগের রাত থেকে ঝাঁপা পুলিশ ফাঁড়ি ইনচার্জ সঞ্জীব চক্রবর্তী ও রাজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বানী ইসরাইল রাত ভোর দলীয় নেতাকর্মীদের বাড়ি বাড়ি অভিযান চালান। গতকাল যশোরে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে রাজগঞ্জ বাজার হয়ে আসার পথে রাজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বানী ইসরাইল বিভিন্ন যানবাহনে করে আসা দলীয় নেতাকর্মীদের আটকে দেয়। পুলেরহাট রাজগঞ্জ সড়কের ভা-ারি মোড়ে ঝাঁপা পুলিশ ফাঁড়ি ইনচার্জ সঞ্জীব চক্রবর্তী দলীয় বিএনপি নেতাকর্মীদের বহনকারী যানবাহন আটকে দেন। বাস,মাইক্রোবাস,পিকআপের চালককে মারধর করাসহ চাবি কেড়ে নেন। আবার ইজিবাইকে আসা নেতাকর্মীরা আসার চেষ্টা করলে পুলিশ ইজিবাইকের চাবি কেড়ে নেন,ক্যাবল কেটে দেন। এদিকে ঝিকরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক মোর্ত্তজা এলাহী টিপু জানিয়েছেন,যশোর বেনাপোল সড়ক হয়ে আসার পথে থানা পুলিশ তাদের দুটি বাস আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশের একই অবস্থার মুখোমুখি হন চৌগাছা থেকে আসা দলীয় নেতাকর্মীরা। তারা জানান চৌগাছা পৌর সদরসহ বিভিন্ন স্থানে পুলিশ তাদের বাধা প্রদান করে। তবে পুলিশের কোনো বাধা বিএনপি নেতাকর্মীদের আটকাতে পারেনি।
এ বিষয় যশোর জেলা বিএনিপর সদস্য সচিব অ্যাড.সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, আমরা দলের প্রতিষ্ঠাবার্ষিকী শান্তিপূর্ণ পালনের আয়োজন করেছিলাম। কিন্তু অত্যন্ত গভীরভাবে লক্ষ্য করলাম পুলিশ আমাদের দলীয় নেতাকর্মীদের পদে পদে বাধা দিয়েছে। তাদের বহনকারী যানবাহনের চাবি কেড়ে নিয়েছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচি ব্যাহত করতে পুলিশ সর্বোচ্চ প্রয়াস চালিয়েছে। যেটি শাসকদলের করার কথা। কিন্ত সেটি পুলিশ করেছে। পুলিশ আজ শাসকদলের অনুগত হয়ে নিরপেক্ষতা হারিয়েছে। এ বিষয় যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হুসাইনের মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।