পুনর্নির্মাণের পর উন্মুক্ত হল ঐতিহাসিক স্বাধীনতা মঞ্চ

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোর টাউন হল ময়দানের পুনর্নির্মিত স্বাধীনতা মঞ্চটি উন্মুক্ত করা হয়েছে। রবিবার বিকেলে ওই মঞ্চের উদ্বোধন করেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি। উদ্বোধনের পর ওই মঞ্চেই সংবর্ধনা দেয়া হয় ১৯৭১ সালের ১১ ডিসেম্বর মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের জনসভার ছবি ধারণকারী আলোকচিত্রী হামিদ রায়হানকে। জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে সংবর্ধিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান মুক্তিযুদ্ধা আলী হোসেন মনি, ডেপুটি প্রধান রবিউল আলম, যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনির।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের গৌরবময় মুক্তিযুদ্ধে একটি স্মরণীয় দিন ১১ ডিসেম্বর। এই দিনে হানাদার বাহিনীর কবলমুক্ত যশোরে স্বাধীন বাংলার প্রথম জনসভা অনুষ্ঠিত হয়েছিল। সেই জনসভায় সবাইকে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলার আহ্বান জানিয়ে ভাষণ দিয়ে ছিলেন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমেদ। ওই জনসভায় বিদেশি কয়েকজন সাংবাদিক এবং বাংলাদেশের একমাত্র আলোকচিত্রী হামিদ রায়হান উপস্থিত ছিলেন। এজন্য বিজয়ের ৫১ বছরে এসে তাকে সংবর্ধনা দিতে পেরে যশোরবাসী গর্বিত। অনুষ্ঠানে আলোকচিত্রী হামিদ রায়হানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
এতোদিন পর যশোরবাসী তাকে সংবর্ধনা দেওয়ায় সংশ্লিষ্টদেও প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আলোকচিত্রী হামিদ রায়হান।