পুত্র ও পুত্রবধূর বিরুদ্ধে মামলা মায়ের

0

স্টাফ রিপোর্টার ॥ পুত্র ও পুত্রবধূর বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে মঙ্গলবার যশোরের আদালতে মামলা করেছেন বুলজান বিবি নামে এক নারী। তিনি মনিরামপুর উপজেলার হাসাডাঙ্গা গ্রামের মৃত বাদল মোড়লের স্ত্রী। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাদী হাসান অভিযোগ আমলে নিয়ে আসামিদের প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। আসামিরা হলেন-বুলজান বিবির ছেলে আকবার মোড়ল ও পুত্রবধূ ময়না মোড়ল।
মামলার বিবরণে জানা গেছে, বুলজান বিবি ২ বছর আগে বিধবা হয়েছেন। এরপর থেকে তিনি একাকী জীবনযাপন করছেন। তার ছেলে আকবর মোড়ল মায়ের কোনো খোঁজখবর রাখে না। এরই মধ্যে আকবর মোড়ল পৈত্রিক জমি দখল করে নিয়েছেন। এ বিষয়ে তাকে কোনো কিছু বলতে গেলে তিনি মাকে মারধর করেন। গত ২৪ ফেব্রুয়ারি ছেলে আকবর মোড়ল ও তার স্ত্রী ময়না মোড়ল ঝগড়া বাধিয়ে বুলজান বিবিকে বেদম মারধর করলে তিনি জখম হন। পরে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এরপর সুস্থ হয়ে প্রতিকার পেতে পুত্র ও পুত্রবধূর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন বুলজান বিবি।