পায়ের পেশিতে টান, উঠেই গেলেন লিটন, মিরপুরে প্রথম ফিফটির অপেক্ষা বাড়ল আরও

0
মাঠে শুশ্রুষা চলেছে লিটনের ।। ছবি: সংগৃহীত

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে এক চরম দুর্ভাগ্যের শিকার হলেন টাইগার ওপেনার লিটন দাস। ফিফটির খুব কাছে গিয়েও পায়ের পেশির (হ্যামস্ট্রিং) তীব্র টানের কারণে শেষ পর্যন্ত ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয়েছে তাঁকে। সাজঘরে ফেরার আগে ৭৩ বলে ৪৮ রানের একটি চমৎকার ইনিংস খেলেন তিনি। লিটনের এমন বিদায়ে মিরপুরের মাঠে তাঁর প্রথম ওয়ানডে ফিফটি পাওয়ার দীর্ঘ অপেক্ষা আরও বাড়ল; কারণ এই মাঠে খেলা ২৮টি ওয়ানডে ইনিংসের একটিতেও ফিফটি নেই এই ডানহাতি ব্যাটারের। আজ তাঁর মাঠ ছাড়ার পর উইকেটে এসেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৩৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৫৮ রান।

আজ মিরপুরের আকাশে মেঘ থাকলেও মাঠে থাকা ক্রিকেটারদের তীব্র আর্দ্রতা ও গরম চরমভাবে ভোগাচ্ছে। ক্লান্তি ও শারীরিক অস্বস্তির কারণে ম্যাচ চলাকালীন সময়ে ড্রেসিংরুম থেকে বারবার ভেজা তোয়ালে নিয়ে আসতে দেখা যায়। লিটনসহ বাকি ক্রিকেটাররা সেই তোয়ালে দিয়ে গা ও ঘাড় মুছেও স্বস্তি পাচ্ছিলেন না। তবে চরম এই প্রতিকূল আবহাওয়ার মাঝেও শুরুতে দ্রুত উইকেট হারিয়ে সংকটে পড়া বাংলাদেশকে টেনে তুলছিলেন লিটন দাস ও তাওহিদ হৃদয়। এই দুই ব্যাটারের জমাট জুটিতে ৮৬ বলে আসে গুরুত্বপূর্ণ ৮২ রান, যা দলকে দেড় শ রানের কাছাকাছি নিয়ে যায়।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। প্রথম ওভারের চতুর্থ বলেই দলীয় মাত্র ২ রানে জশ ইংলিসের দলের পেস আক্রমণের শিকার হয়ে বোল্ড হন সৌম্য সরকার (২)। দ্বিতীয় উইকেটে তানজিদ হাসান তামিম ও ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পঞ্চাশোর্ধ্ব জুটি গড়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে দলীয় ৫৩ রানের মাথায় ২০ বলে ১৯ রান করা তানজিদ হাসান স্লগ সুইপ করতে গিয়ে ম্যাথু রেনশর বলে আউট হলে এই জুটির অবসান ঘটে। এরপর নাজমুল হোসেন শান্তকে একবার এলবিডব্লিউর রিভিউ নিয়ে আউট করতে ব্যর্থ হয় অস্ট্রেলিয়া। তবে ১৫তম ওভারে শান্ত সুইপ করতে গিয়ে বল স্টাম্পে ডেকে আনলে ৫০ বলে ২৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন।

উল্লেখ্য, বাংলাদেশ এই ম্যাচে নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে ছাড়াই মাঠে নেমেছে, যিনি দ্বিতীয় ওয়ানডেতে মাথায় আঘাত পাওয়ায় চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। মিরাজের পরিবর্তে আজ দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। আজকের একাদশে বাংলাদেশ দুটি পরিবর্তন এনেছে; মিরাজের জায়গায় দলে এসেছেন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান এবং পেসার নাহিদ রানাকে বিশ্রাম দিয়ে একাদশে ফেরানো হয়েছে শরিফুল ইসলামকে। অপরদিকে, অস্ট্রেলিয়ার একাদশেও ম্যাথু শর্ট ও নাথান এলিসের পরিবর্তে অন্তর্ভুক্ত করা হয়েছে বেন ডোয়ারশুইস ও অলি পিককে। মিরপুরের এই ম্যাচে অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের (হোয়াইটওয়াশ) লক্ষ্য নিয়ে মাঠে লড়ছে বাংলাদেশ।