খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে গুলি, দুই মুসল্লি আহত

0
খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে গুলি

খুলনা ব্যুরো ॥ খুলনা মহানগরীতে ফজরের নামাজ চলাকালে একটি মসজিদে ঢুকে সন্ত্রাসীদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে দৌলতপুর থানার পশ্চিম কাশিপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি লোকমান হাকিম (৪৫) এবং মুসল্লি আলম মণ্ডল (৫৫)। লোকমান হাকিম উত্তর কাশিপুর এলাকার মৃত জব্বার শেখের ছেলে। আলম মণ্ডল একই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফজরের নামাজ চলাকালে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী মসজিদে প্রবেশ করে লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পাশে থাকা মুসল্লি আলম মণ্ডলও গুলিবিদ্ধ হন।

গুলিতে লোকমান হাকিমের মাথায় আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে খুলনায় চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। চিকিৎসকদের মতে, তার অবস্থা আশঙ্কাজনক।

অন্যদিকে আলম মণ্ডলের মাথা, গলার বাম পাশ এবং ডান হাতে গুলি লাগে। তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার মো. আব্দুর রাজ্জাক বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।”