‘ভাগ্যিস আরও গোল হজম করিনি’ — মরক্কোর সঙ্গে ড্র করে স্বস্তির নিঃশ্বাস ব্রাজিলের

0
ম্যাচশেষে দর্শকদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান কাসেমিরোরা ।। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে ম্যাচের ২১ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়া ব্রাজিল ৩২ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে সমতায় ফেরে। তবে ড্রয়ের পরও দলের পারফরম্যান্স নিয়ে সরাসরি অসন্তোষ প্রকাশ করেছেন দানিলো ও কাসেমিরো।

‘প্রথমার্ধে খুবই বাজে খেলেছি’

ম্যাচের ৮০ মিনিটে বদলি হিসেবে নামা ২৫ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার দানিলো ম্যাচ শেষে মিক্সড জোনে অকপটে বলেন, “প্রথমার্ধে আমরা খুবই বাজে খেলেছি। মাঠে আমাদের অবস্থান, টেকনিক, ট্যাকটিক্স — কোনো দিক থেকেই আমরা ভালো ছিলাম না।”

বোতাফোগোয় খেলা এই মিডফিল্ডারের মতে, ম্যাচের শুরু থেকেই মানসিকভাবে চাপে ছিল ব্রাজিল। তিনি বলেন, “আমরা খুবই স্নায়ুচাপে ছিলাম, উদ্বিগ্নও ছিলাম। ফলে নিজেদের ভুলের কারণেই বারবার বিপদে পড়েছি। ভাগ্যিস, প্রথমার্ধে আরও বেশি গোল হজম করে পিছিয়ে পড়িনি।”

তবে দ্বিতীয়ার্ধের কৌশলগত পরিবর্তনে হার এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করেন দানিলো। পরের ম্যাচের আগে এই ঘুরে দাঁড়ানো ড্রেসিংরুমে কিছুটা আত্মবিশ্বাস জোগাচ্ছে বলেও জানান তিনি। “পরের অংশে আমরা বল দখলে রাখতে পেরেছি, সুযোগও তৈরি করেছি। এ সবই পরের ম্যাচের জন্য আত্মবিশ্বাস জোগাবে।”

‘স্বপ্নের শুরু হয়নি’ — কাসেমিরো

অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরোও স্বীকার করেন, বিশ্বকাপে ব্রাজিলের শুরু প্রত্যাশামতো হয়নি। তিনি বলেন, “আমরা জানতাম ম্যাচটি কঠিন হবে, তাদের খেলোয়াড়েরাও বেশ মানসম্পন্ন। আমরা সব সময় জয় দিয়ে শুরু করতে চাই, কিন্তু এই ম্যাচটা ছিল একটি দুর্দান্ত প্রতিপক্ষের বিপক্ষে। ম্যাচটা ‘স্বপ্নের মতো শুরু’ ছিল না।”

কাসেমিরো জানান, ম্যাচের শুরু থেকে মরক্কোর কোনো চাপ না থাকলেও ব্রাজিলের মধ্যেই উদ্বেগ কাজ করছিল। দ্বিতীয়ার্ধে দল ভালো খেলেছে বলে মনে করেন তিনিও।

পরের ম্যাচ হাইতির বিপক্ষে

ব্রাজিল তাদের পরের বিশ্বকাপ ম্যাচ খেলবে আগামী ২০ জুন, বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায়। প্রতিপক্ষ হাইতি।