পাখি শিকার বন্ধে চুয়াডাঙ্গায় প্রচারণা

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ ‘পাখি প্রকৃতির অলংকার ও কৃষকের অকৃত্রিম বন্ধু’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় পাখি শিকার, বেচাকেনা ও পাচার রোধে মাসব্যাপী প্রচারণামূলক কার্যক্রম শুরু করেছে পরিবেশবাদী সংগঠন ‘বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভ’।

রোববার সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার ১০টি ইউনিয়নে এই প্রচারণার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা।

উদ্বোধনকালে তিনি বলেন, জীববৈচিত্র রক্ষায় পাখির গুরুত্ব অপরিসীম। বন্যপ্রাণী সংরক্ষিত না হলে মানুষের অস্তিত্ব সংকটে পড়বে। পাখি রক্ষায় জনসচেতনতা বৃদ্ধিতে এই সংগঠনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল ইসলাম ও পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শাহাজাহান।

সংগঠনের সভাপতি ও বড় শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আহসান হাবীব শিপলু বলেন, চুয়াডাঙ্গার বিভিন্ন জলমহালে স্থানীয় ও পরিযায়ী পাখির বিচরণ থাকলেও অসাধু শিকারিরা প্রতিনিয়ত পাখি নিধন করছে। কৃষি ও মৎস্য সম্পদের সুরক্ষায় পাখি শিকার বন্ধ করা জরুরি। উপজেলা প্রশাসন ও বন বিভাগের সহযোগিতায় তাদের এই সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।