পাইকগাছা- তালা সংযোগ সড়কের কাজ থমকে আছে ৬ মাস

0

জিএম মিজানুর রহমান, পাইকগাছা(খুলনা)॥ পাইকগাছা -তালা উপজেলার সংযোস্থল কপোতাক্ষ নদের ওপর ব্রিজ নির্মাণের ২ বছরে কাজ ৫ বছর পর শেষ হয়েছে। এদিকে জমি অধিগ্রহণ না করায় সড়ক নির্মাণের কাজ ৬ মাস ধরে আটকে আছে। চরম ভোগান্তিতে পড়েছে দু উপজেলার বাসিন্দারা।
খুলনা বিভাগীয় পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পাইকগাছার কাটিপাড়া বাজার চ্যারিটেবল ডিসপেনসারি সড়কে ২০১৯ সালে ব্রিজ নির্মাণের কার্যাদেশ হয়। পাইকগাছা উপজেলার কাটিপাড়া ও তালা উপজেলার খেরশা এলাকার সীমান্ত এলাকা কপোতাক্ষ নদের ওপর চলতি বছর ব্রিজ নির্মাণ কাজ শেষ হয়েছে। যার চুক্তিমূল্য ৪ কোটি ৫৪ লাখ ৯১ হাজার ৯১৮ টাকা। ২ বছরের কাজ শেষ হতে সময় লেগেছে ৫ বছর। যার চেইনেজ ১২৬০ মিটার, দৈর্ঘ্য ১৪৫ মিটার প্রস্থ ৫০ মিটার ও পিএসসি গার্ডার। এদিকে জমি অধিগ্রহণ না করায় সংযোগ সড়কের নির্মাণ কাজ ৬ মাস আটকে আছে। ব্রিজের কাজ শেষ হলেও সংযোগ সড়কের কাজ বন্ধ থাকায় জনদুর্ভোগ মারাত্মক বেড়েছে।
পার্থ সারথীর লিজের ঘের মালিক রমজান আলী বলেন, এখানে কোন খাস জমি নেই। তারা জোর করে আমার জমির মালিকের জায়গার ওপর দিয়ে রাস্তা করতে চান।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জিয়াউর ট্রেডার্সের প্রোপ্রাইটার লিটু জানান,জায়গা না পেলে সড়কের কাজ করা সম্ভব হবেনা।
উপজেলা প্রকৌশলী মো. শোয়েব শাফিন বলেন,এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য রশীদুজ্জামান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। তালা উপজেলার খেশরার অংশের ১৩০ মিটার সংযোগ সড়কের কাজ শেষ হয়েছে।কিন্তু পাইকগাছার কাটিপাড়া অংশ ১৪৫ মিটার সংযোগ সড়কের কাজ শেষ না হওয়া জনদুর্ভোগ বেড়েই চলেছে।
খুলনা-৬ আসনের সংসদ সদস্য রশীদুজ্জামান জানান,বিষয়টি অবগত হওয়া মাত্রই সমাধানের জন্যে রাড়ুলীর সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আব্দুল মজিদ গোলদার জানান, বিয়ষটি নিয়ে দুপক্ষের সাথে কথা হয়েছে। তবে জমি অধিগ্রহণ না করে অন্যের রেকর্ডীয় জমির ওপর দিয়ে সড়ক নির্মাণ করতে হলে সরকারি বিধি মোতাবেক করতে হবে।