পাইকগাছায় ভ্যান-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা॥ খুলনার পাইকগাছায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকসহ তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। উপজেলার শিববাড়ী ব্রিজের দক্ষিণে কাটাখালী ও আলমতলা তিন রাস্তার মোড়ের বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাইকগাছার থেকে রিয়াদ আবেদীন(২২)ও তার বন্ধু মাহবুর রহমান (২৫) মোটরসাইকেলে করে কয়রার জায়গীর মহলের দিকে যাচ্ছিলেন । বিপরীত দিক থেকে একটি ব্যাটারিচালিত ভ্যান কলেজ পড়ুয়া দু’ছাত্রীকে নিয়ে পাইকগাছায় আসছিল। এ সময় মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ভ্যানচালক ইসমাইল গাজী (৬৫) মারা যান। পথচারীরা আহত ও নিহতদের দ্রুত পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসাপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল আরোহী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আবেদুর রহমান গাজীর ছেলে রিয়াদ ও গড়ইখালী গ্রামের হারুন গাইনের ছেলে মাহবুবুর রহমান মারা যান। ভ্যানের যাত্রী আশাশুনি উপজেলার বড়দল গ্রামের আলাউদ্দীনের মেয়ে তৃষা (১৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।