পাইকগাছায় জলমহাল দখলের চেষ্টা মারধর লুটপাট ও অগ্নিসংযোগ, আদালতে মামলা

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছায় জলমহাল দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে মারধর, ভাঙচুর,লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গত সোমবার উপজেলার নাছিরপুর বদ্ধ জলমহাল দখল চেষ্টাকালে এ ঘটনা ঘটে। উপজেলার কাশিমনগর গ্রামের মৃত তোফাজ্জেল মোড়লের ছেলে নাজমুল হোসেন বাদী হয়ে মঙ্গলবার আদালতে মামলা করেন।
মামলায় আজাদ মোড়লসহ ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০ জনকে আসামি করা হয়েছে। মামলার বিবরণে জানা যায়, প্রতিপক্ষ গত শনিবার সন্ধ্যায় প্রথমে জলমহাল দখলের চেষ্টা করে ব্যর্থ হয়। গত সোমবার সকালে ব্যাপক প্রস্তুতি নিয়ে দখলের চেষ্টাকালে হোসেন মল্লিক ও আবু বকর মোড়লের ওপর হামলা চালায় আজাদ বাহিনী। হামলায় তারা গুরুতর আহত হন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় বাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।
এ ঘটনায় আদালতে মামলা হলে মামলটি এফআইআরের জন্য থানাকে নির্দেশ দিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক শামীম রেজা জানান, মামলাটি এজহার করা হয়েছে। কেউ গ্রেফতার হয়নি। গ্রেফতারের চেষ্টা চলছে।