পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ, আসামিরা আদালতে

0
ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে কঠোর পুলিশি পাহারায় প্রিজন ভ্যান থেকে নামিয়ে হাজতখানায় নিয়ে যাওয়া হচ্ছে প্রধান আসামি সোহেল রানাকে।। ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় আজ রোববার রায় ঘোষণা করা হবে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন বেলা ১১টায় এ রায় দেবেন।

শিশুটি ধর্ষণ ও হত্যার শিকার হয় গত ১৯ মে। সে হিসাবে ঘটনার মাত্র ১৯ দিনের মাথায় আজ রায় ঘোষণা হতে যাচ্ছে।

সকালে কারাগার থেকে আসামিদের প্রিজন ভ্যানে করে এনে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়েছে। প্রধান আসামি সোহেল রানাকে সকাল ৮টা ৫০ মিনিটে ও আরেক আসামি স্বপ্না আক্তারকে সকাল ৮টা ৩০ মিনিটে পুলিশি নিরাপত্তায় হাজতখানায় নেওয়া হয়।

যেভাবে ঘটেছিল ঘটনা

গত ১৯ মে পল্লবীর একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের আগেই ফ্ল্যাটের বাসিন্দা সোহেল রানা শৌচাগারের গ্রিল ভেঙে পালিয়ে যান। তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে তখনই আটক করা হয়। পরে ওই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। ২০ মে উভয় আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

দ্রুত বিচার প্রক্রিয়া

গত ১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এরপর সাক্ষ্য গ্রহণ, আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক শেষে গত বৃহস্পতিবার শুনানি সম্পন্ন হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু আদালতে উভয় আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। শিশুটির বাবা ও মায়ের সাক্ষ্যও আদালতে পড়ে শোনানো হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রথম আলোকে বলেন, ‘আইন অনুযায়ী এ মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছি। ট্রাইব্যুনাল স্বীয় বিবেচনায় রায় দেবেন।’