পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে কোটচাঁদপুরে ঠিকাদার শুরু করেন খুঁড়ে রাখা রাস্তার কাজ

0

 

কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ‘কোটচাঁদপুরে সড়ক উন্নয়ন কাজে মানুষের ভোগান্তি’ শিরোনামে গত ২৩ জুলাই লোকসমাজ পত্রিকাসহ কয়েকটি দৈনিকে সংবাদ প্রকাশের পর ওই দিনই সন্ধ্যার পর থেকে রাস্তার বালি ফেলার কাজ শুরু করে সংশ্লিষ্ট ঠিকাদার। সেই থেকে রাস্তার কাজটি এগিয়ে চলায় ওই এলাকার মানুষের ভোগান্তি লাঘব হতে শুরু করেছে। কোটচাঁদপুর উপজেলার রাজাপুর গ্রাম থেকে সাবদারপুর পিচ রাস্তা পর্যন্ত রাস্তা উন্নয়নের নামে দীর্ঘ তিন মাস রাস্তা খুুঁড়ে ফেলে রাখা হয়েছিলো। ফলে বৃষ্টির পানি জমে রাস্তাটি খালে পরিণত হয়। যার সচিত্র প্রতিবেদন লোকসমাজ পত্রিকায় প্রকাশিত হয়। সংশ্লিষ্ট ঠিকাদার সাইফুর রহমান খোকন বলেন- রাস্তার কাজের মেয়াদ আগামী ফেব্রুয়ার মাস পর্যন্ত রয়েছে। তাছাড়া স্থানীয় ভাবে বালি না পাওয়ায় রাস্তাটিতে বালি দেয়া সম্ভব হয়নি। মানুষের ভোগান্তির কারণে বাধ্য হয়ে পাকশী থেকে অতিরিক্ত মূল্যে বালি কিনতে হয়েছে। ইতোমধ্যেই বালি মিশ্রিত খোয়া ফেলা হয়েছে কিছু অংশে। সেখানে রোলার দেয়ার প্রস্তুতি চলছে।
বিষয়টি নিয়ে উপজেলা ইঞ্জিনিয়ার রুহুল ইসলাম বলেন রাস্তার কাজটি দ্রুত এগিয়ে যাচ্ছে। আশা করছি অল্প সময়ের মধ্যে কাজটি শেষ হবে।