নড়াইলে সোনার গহনা মেরামতের নামে প্রতারণায় তিন ব্যক্তি গ্রেফতার

0

নড়াইল অফিস॥ নড়াইলে সোনার গহনা মেরামতের নামে প্রতারণার ঘটনায় তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২৫ মে) রাতে ডিবি পুলিশের একটি দল যশোর ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিরা হলেন- জামালপুর জেলার মাদারগঞ্জ থানার দক্ষিণ গাবের গ্রামের হযরত আলীর ছেলে আলম মিয়া (৩৭), আমিনুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (৩৩) ও হামেদ হোসেনের ছেলে বাবু হোসেন (২৫)। জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গত ২০ মে নড়াইল সদর উপজেলার সলুয়া
গ্রামের মেহেদি হাসান রানা (২৯) নামের এক ব্যক্তির বাড়িতে সোনার গহনা মেরামতের নামে প্রতারণার ঘটনা ঘটে। ওইদিন অজ্ঞাতনামা এক ব্যক্তি গহনা মেরামতের নামে তাদের বাড়িতে প্রবেশ করেন।তারপর মেহেদির মায়ের সোনার একটি চেন মেরামত করতে গিয়ে ভেঙে টুকরো করে ফেলেন তিনি। ওই ব্যক্তি চেনের টুকরো একটা দলায় পরিণত করে দেন। পরের দিন চেনটি তৈরি করে দেয়ার কথা বলে একটি মোবাইল নাম্বার দিয়ে চলে যান। পরে তার সাথে
যোগাযোগের চেষ্টা করেও মেহেদির পরিবার ব্যর্থ হয়। তারা স্থানীয় স্বর্ণকারের নিকট গিয়ে জানতে পারেন তাদের নিকট থাকা সোনা বলে ওই ব্যক্তির দেয়া দলাটি সোনা নয়। বৃহস্পতিবার মেহেদি ঘটনার বর্ণনা উল্লেখ করে নড়াইল সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম জানান, ডিবি
পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতে যশোর ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার ও প্রতারণার সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়।