নড়াইলে বিএনপি কার্যালয়ে বোমা হামলা, তিন নেতা-কর্মী আহত

0

নড়াইল সংবাদদাতা ॥ নড়াইলে সদরের একটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের বোমা হামলায় বিএনপির তিন নেতা-কর্মী আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নড়াইল সদর উপজেলার গোবরা বাসস্ট্যান্ড এলাকায় শিংগাশোলপুর ইউনিয়ন বিএনপি অফিসে এ বোমা হামলার ঘটনা ঘটে।

বোমা হামলায় আহত বিএনপি নেতৃবৃন্দ হলেন শিংগাশোলপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি গোবরা গ্রামের বাবু মোল্লা (৬০), একই গ্রামের বিএনপি কর্মী নিউটন গাজী (৪৮) এবং বিএনপি কর্মী সৈয়দ ওয়াজেদ আলী টিটো। আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গোবরা নতুন বাসস্ট্যান্ডে শিংগাশোলপুর ইউনিয়ন বিএনপি অফিসে নেতা-কর্মীরা বসেছিলেন। এসময় তাদেরকে লক্ষ্য করে অতর্কিত তিনটি বোমা হামলা করে মোটরসাইকেলে পালিয়ে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, এ হামলার ঘটনায় কে বা কারা জড়িত তা খুঁজে বের করার জন্য পুলিশসহ আইনশৃংখলা রক্ষাবাহিনীর সদস্যরা কাজ করছে। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।